OMG! খুলে গেল চলন্ত সরকারি বাসের চাকা, ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো জাতীয় সড়কে

মুর্শিদাবাদে এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বরাত জোরে রক্ষা পেলেন ৪০ জন যাত্রী। শুক্রবার সকালে ১২ নম্বর জাতীয় সড়কের উপর সুতি থানার আহিরণে একটি চলন্ত সরকারি বাসের পিছনের দুটি চাকা খুলে যাওয়ায় এই বিপত্তি ঘটে।
জানা গিয়েছে, বাসটি ফরাক্কা থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। আহিরণ সেতু পার হওয়ার পরেই চলন্ত অবস্থায় বাসের পিছনের দুটি চাকা খুলে যায়। তীব্র ঝাঁকুনিতে বাসযাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে, শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় কেউ হতাহত হননি।
চলন্ত বাসের পিছনের দুটি চাকা লোহার কাঠামো-সহ কিভাবে খুলে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাসের স্বাস্থ্য নিয়মিত পরীক্ষা করা হতো কিনা, সেই বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন যাত্রীরা। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দুর্ঘটনার সময় বাসের গতি কত ছিল, তা জানার জন্য বাসচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দুর্ঘটনার আকস্মিকতায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এক যাত্রী বলেন, ‘মনে হচ্ছিল প্রাণটাই আর থাকবে না। কাছের মানুষগুলোকে আর কোনওদিন দেখতে পাবো না।’ অন্য এক যাত্রী বলেন, ‘হঠাৎ দেখলাম চাকাগুলো খুলে গেল। এতগুলো মানুষকে বাসে তোলার আগে ভালো করে বাসটির স্বাস্থ্য খতিয়ে দেখা উচিত ছিল। বরাতজোরে কারও কিছু হয়নি। কিন্তু কর্তৃপক্ষের সচেতন হওয়া উচিত ছিল।’
এই দুর্ঘটনা প্রসঙ্গে জেলা স্টেট ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যান চাঁদ মহম্মদ জানান, ‘দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। বাসটি ফ্র্যাঞ্চাইজ়ির মাধ্যমে চলছিল কি না, তাও খতিয়ে দেখা হবে। তবে ডিপো থেকে ছাড়ার আগে সব দিক খতিয়ে দেখা উচিত ছিল।’
এই ঘটনায় যাত্রীদের নিরাপত্তা এবং সরকারি বাসের রক্ষণাবেক্ষণ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষের আরও বেশি সতর্ক হওয়া উচিত বলে মনে করছেন সাধারণ মানুষ।