Recipe: মচমচে ফুলকপির পাকোড়া বানাবেন যেভাবে, শিখেনিন জিভে জল আনা রেসিপি

বাজারে এখন টাটকা ফুলকপি ভরপুর। এই শীতে এই উপকারী সবজি দিয়ে বানিয়ে ফেলতে পারেন মচমচে ফুলকপির পাকোড়া। গরম চায়ের সঙ্গে এই পাকোড়া একেবারে জমে যাবে। এমনকি ছোটরাও চিকেন ফ্রাইয়ের মতো মচমচে স্বাদের এই পাকোড়া খুব পছন্দ করবে। আসুন, জেনে নেওয়া যাক এর সহজ রেসিপি:
উপকরণ:
বড় একটি ফুলকপি
১ চা চামচ লবণ
১ টেবিল চামচ ভিনেগার
১/৩ কাপ কর্ণফ্লাওয়ার
১/৪ কাপ ময়দা
১/৪ কাপ চালের গুঁড়ো
আধা চা চামচ আদা বাটা
আধা চা চামচ রসুন বাটা
স্বাদমতো মরিচের গুঁড়া
আধা চা চামচ হলুদ গুঁড়া
আধা চা চামচ ধনিয়া গুঁড়া
আধা চা চামচ জিরা গুঁড়া
১ প্যাকেট ম্যাজিক মসালা
২ টেবিল চামচ টমেটো সস
ধনেপাতা কুচি
সামান্য লবণ
১/৩ কাপ জল (রুম টেম্পারেচার)
ব্রেডক্রাম্ব
ভাজার জন্য তেল
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে ফুলকপি ডুমো করে কেটে ১৫ মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখুন। জলে ১ চা চামচ লবণ ও ১ টেবিল চামচ ভিনেগার মিশিয়ে দিন। এতে ফুলকপির মধ্যে থাকা পোকা বেরিয়ে যাবে।
২. এরপর চুলায় জল বসিয়ে দিন। জল ফুটে উঠলে ১ চা চামচ লবণ মিশিয়ে জল ঝরানো ফুলকপির টুকরোগুলো দিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে ৩ মিনিট রাখুন। খেয়াল রাখবেন, ফুলকপি যেন বেশি সেদ্ধ না হয়ে যায়। শুধু ভেতরের কাঁচা ভাবটা চলে গেলেই হবে।
৩. জল থেকে ফুলকপি তুলে রুম টেম্পারেচারে আসার পর ৩০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন।
৪. এই ফাঁকে পাকোড়ার জন্য মসলার মিশ্রণ তৈরি করে নিন। একটি পাত্রে ১/৩ কাপ কর্ণফ্লাওয়ার, ১/৪ কাপ ময়দা, ১/৪ কাপ চালের গুঁড়া, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, স্বাদমতো মরিচের গুঁড়া, আধা চা চামচ করে হলুদ, ধনিয়া ও জিরার গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। এর সাথে ১ প্যাকেট ম্যাজিক মসালা, ২ টেবিল চামচ টমেটো সস, ধনেপাতা কুচি ও সামান্য লবণ মিশিয়ে নিন। অল্প অল্প করে ১/৩ কাপ রুম টেম্পারেচারের জল যোগ করে মসলার মিশ্রণ তৈরি করুন।
৫. ভাপানো ফুলকপির সাথে মসলার মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিন।
৬. এরপর একটি একটি করে ফুলকপির টুকরা ব্রেডক্রাম্বে গড়িয়ে গরম তেলে সোনালী হওয়া পর্যন্ত ভেজে নিন।
ব্যাস, তৈরি হয়ে গেল মচমচে সুস্বাদু ফুলকপির পাকোড়া। গরম গরম পরিবেশন করুন এবং শীতের সন্ধ্যায় উপভোগ করুন।