বাবা সিদ্দিকি খুনে বিস্ফোরক তথ্য, হামলাকারীরা বন্দুক চালানো শেখে ইউটিউব দেখে

মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে জানা গিয়েছে, এই খুনের সঙ্গে জড়িত আততায়ীরা বন্দুক চালানো শিখেছিল ইউটিউব ভিডিও দেখে।
মুম্বই পুলিশ গুরমেল সিং এবং ধর্মরাজ কাশ্যপ নামে দুই আততায়ীকে গ্রেপ্তার করেছে। তদন্তে এই দুজন জানিয়েছে, তারা কুরলার ভাড়া নেওয়া একটি ঘরে লুকিয়ে বন্দুক চালানোর অনুশীলন করত। ইউটিউব ভিডিও দেখে তারা বন্দুক চালানোর সব কৌশল শিখে নিয়েছিল।
খুনের পরিকল্পনা অনুযায়ী, শিবকুমার গৌতমই বাবা সিদ্দিকিকে গুলি করার কথা ছিল। কারণ, তার বন্দুক চালানোর বেশি অভিজ্ঞতা ছিল। খুনের অন্যতম অভিযুক্ত শুভম লোনকার ধৃতদের বলেছিল, পুলিশের নজরদারি এড়াতে তারা যেন স্ন্যাপচ্যাটের মতো অ্যাপ ব্যবহার করে যোগাযোগ করবে।
পুলিশের তদন্তে জানা গিয়েছে, এই খুনের পিছনে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত রয়েছে। বাবা সিদ্দিকির ছেলে জিশানও এই গ্যাংয়ের টার্গেট ছিল।
শুভম লোনকার, শিবকুমার গৌতম ছাড়াও মহম্মদ জিশান আখতার নামে আরও একজনকে হন্যে হয়ে খুঁজছে মুম্বই পুলিশ। পুলিশের দাবি, মহম্মদ জিশান আখতারই এই খুনের মাস্টারমাইন্ড।