“১১ বছরের ছেলে সুইসাইড করেছে! একটু অস্বাভাবিক না?”-ছাত্রের মৃত্যুতে প্রশ্ন হাইকোর্টের

মুর্শিদাবাদের নওদা এলাকার রহমানিয়া মিশনের একটি স্কুলের হস্টেলে গত ১ মে ক্লাস সিক্সের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

পরিবার পুলিশের তদন্তে সন্তুষ্ট না হয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে।

মঙ্গলবার ছিল বিচারপতি অমৃতা সিনহার আদালতে ওই মামলার শুনানি।

মৃতের পরিবারের আইনজীবী নীলাদ্রিশেখর ঘোষ জানান, পরিবার খুনের অভিযোগ দায়ের করলেও পুলিশ আত্মহত্যার কথা জানিয়েছে।

তিনি আরও বলেন, মৃতের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে, যা ময়নাতদন্ত রিপোর্টেও উল্লেখ রয়েছে।

তবুও, চিকিৎসক আত্মহত্যার কথা বলেছেন।

বিচারপতি সিনহা বিস্ময়ের সঙ্গে বলেছেন, “১১ বছরের ছেলে সুইসাইড করেছে! এটা একটু অস্বাভাবিক না?”

আদালত পুলিশকে তদন্তের অগ্রগতি জানাতে বলেছে।

পরবর্তী শুনানি ১৬ জুলাই।

এই ঘটনা আইআইটি খড়্গপুরের ছাত্র ফয়জান আহমেদের মৃত্যুর ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে।

ফয়জানের মৃত্যুকেও প্রথমে আত্মহত্যা বলা হয়েছিল।

কিন্তু হাইকোর্টের নির্দেশে দ্বিতীয় ময়নাতদন্তে মাথায় আঘাতের কথা উঠে আসে।

এই দুটি ঘটনাতেই পুলিশি তদন্তে অনিয়ম হয়েছে বলে অভিযোগ।

মুর্শিদাবাদের ঘটনায় হাইকোর্টের নির্দেশে তদন্তে গতি আসবে বলে আশা করা হচ্ছে।