পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই বাবরকে নিয়ে মুখ খুললেন আফ্রিদি, কি বললেন তিনি?

ওয়ানডে বিশ্বকাপের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও লিগপর্ব থেকে ছিটকে গেলাে পাকিস্তান। একের পর এক ব্যর্থতায় পাকিস্তান দলকে নিয়ে চলছে সমালোচনার স্রোত। পাকিস্তান দলের অবস্থা নিয়ে কয়দিন আগে মুখ খুলবেন বলে জানিয়েছিলেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। বিশ্বকাপ থেকে বাদ পড়তেই মুখ খুললেন তিনি। যেখানে পিসিবি, নির্বাচক কমিটি এবং বাবর আজমকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আফ্রিদি।
ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার জেরে পিসিবির হস্তক্ষেপে তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেন বাবর আজম। তখন টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব তুলে দেওয়া হয় পেসার শাহিন শাহ আফ্রিদির কাঁধে। এক সিরিজ না যেতেই শাহিনের নেতৃত্ব কেড়ে নিয়ে পুনরায় বাবর আজমকে অধিনায়ক ঘোষণা করে পিসিবি। যা নিয়ে ব্যাপক হট্টগোল হয় পাকিস্তান ক্রিকেটে। সে সময় শাহিনের চেয়ে রিজওয়ানকে অধিনায়ক হিসেবে চেয়েছিলেন আফ্রিদি।
নিজের ইউটিউব চ্যানেলে আফ্রিদি বলেন, ‘শাহিন অধিনায়কত্ব করুক, আমি এটার পক্ষে ছিলাম না কখনো। এমনকি সে যখন পিএসএলে অধিনায়কত্ব করে তখনও। আমি অধিনায়কত্বের মধ্য দিয়ে গেছি, জানি এই কাজটা সহজ নয়। বিশেষ করে একজন পেসারের জন্য। শাহিন যখন নেতৃত্ব পেল, আমি তখন মোহাম্মদ রিজওয়ানের কথা বলেছিলাম। সে অধিনায়কত্ব পাওয়ার পর, ইমাদ এবং আমিরের অবসর ভাঙাতে যোগাযোগ করেছে। কারণ আমাদের অভিজ্ঞ ক্রিকেটার দরকার।’
যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শাহিনকে অধিনায়ক করাই হলো, এই সিদ্ধান্ত আবার কেনো পরিবর্তন হলো এই প্রশ্ন তুলেছেন আফ্রিদি। তার মতে, বাবর আজমের উচিত ছিল শাহিনকে অধিনায়ক হিসেবে সমর্থন করা।
‘যদি শাহিনকে বিশ্বকাপের কথা ভেবে অধিনায়ক করা হয়ে থাকে, তাহলে সেই সিদ্ধান্ত বহাল রাখা উচিত ছিলো। এবং আমার মনে হয় বাবরের উচিত ছিলো তাকে সমর্থন করা এবং বলা, “না, আপনারা (পিসিবি) তাকে অধিনায়ক বানিয়েছেন। আমরা তার অধীনে খেলতে প্রস্তুত। আমি তাকে সমর্থন করে তার অধীনে খেলতে চাই।” এই রকম অবস্থান নেওয়া দরকার ছিলো বাবরের।’
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তান খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচ এখন কেবল নিয়মরক্ষার ম্যাচ। বিশ্বকাপ শেষে পাকিস্তান দলে আরো কি পরিবর্তন আসে সেটাই এখন দেখার বিষয়।