OMG! ব্যর্থ হলো ১৭ ঘণ্টার লড়াই, ৫০ ফুট গভীর নলকূপ থেকে উদ্ধার হল শিশুকন্যার নিথর দেহ

শুক্রবার, গুজরাটের অমরেলি জেলার সুরগাপারা গ্রামে মর্মান্তিক ঘটনা। খেলতে খেলতে প্রায় ৫০ ফুট গভীর বোরওয়েলে পড়ে গিয়েছিল দেড় বছরের শিশু। টানা ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হলেও শিশুটির মৃত্যু হয়েছে।
এই ঘটনায় গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, গত প্রায় ১ মাস ধরে ভানু কাকাদিয়া নামে এক কৃষকের চাষের জমিতে নলকূপ বসানোর কাজ করছিল শ্রমিকরা। অন্যদিনের মতোই কূপের আশপাশে খেলা করছিল কয়েকটি শিশু। আচমকাই তাদের মধ্যে আরোহী নামের দেড় বছরের শিশুকন্যা আচমকাই পড়ে যায় গর্তে।
বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত খবর যায় প্রশাসনের কাছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তলব করা হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে। জোর তৎপরতার সঙ্গে শুরু হয় শিশুটিকে উদ্ধারের কাজ।
গভীর নলকূপের ভিতরে সরবরাহ করা হয় পর্যাপ্ত অক্সিজেন। যাতে শিশুটির শ্বাসকষ্ট না হয়। ১৭ ঘণ্টা পরে আরোহীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। স্বাস্থ্য আধিকারিকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে গ্রামের পঞ্চায়েত প্রধান কুলা সভয়া জানিয়েছিলেন, শিশুটি গভীর নলকূপে পড়ে যাওয়ার পর ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল। বিকেল ৩ টে পর্যন্ত সেই আওয়াজ পাওয়া যায়। তার পর থেকে আর কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। ফলে উদ্বেগ ক্রমশই বাড়ছিলই। অবশেষে দেখা গেল আশঙ্কাই সত্যি। বাঁচানো গেল না আরোহীকে।