SPORTS: বিশ্বকাপে ‘ইউনিভার্স বসের’ ছক্কার রেকর্ড ভাঙবেন কে? জেনেনিন কে রয়েছেন এগিয়ে?

টি-টোয়েন্টি মানেই চার-ছক্কার বন্যা। আর ক্রিকেটে চার-ছক্কার ধুম-ধাড়াক্কা মার দেখতে কে না ভালোবাসেন! দর্শকদের আগ্রহও তাই বাড়ছে অনুমিতভাবেই।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তেমন কিছুর দেখা মেলবে বলেই ধারণা সবার; কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড কার দখলে? উত্তরটা হয়তো অনেকেই সঠিকভাবেই ধরে নিতে পারবেন।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে এবার বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এর আগ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলের। তার ছক্কার রেকর্ড এবারের আসরেও ভাঙার খুব বেশি সম্ভাবনা নেই। ৩৩ ম্যাচ খেলে ৬৩টি ছক্কা হাঁকিয়েছেন গেইল।
তারপরের দ্বিতীয় নামটি রোহিত শর্মার। এবারের বিশ্বকাপে অবশ্য যাচ্ছেন তিনি, করবেন ভারতের অধিনায়কত্বও। তবে তার ছক্কা কেবল ৩৫টি, অথচ গেইলের চেয়ে ৬ ম্যাচ বেশি খেলেছেন তিনি। গেইলের রেকর্ড ভাঙতে হলে তাকে মোট ২৮টি ছক্কা হাঁকাতে হবে।
তিনে থাকা জশ বাটলারও যাচ্ছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। ইংল্যান্ডের অধিনায়কত্বও করবেন তিনি। ২৭ ম্যাচ খেলে ১টি সেঞ্চুরি করেছেন তিনি। তার ছক্কা সবমিলিয়ে ৩৩টি। সেরা পাঁচে থাকা বাকি দুজন এখন ক্রিকেট থেকে অবসরে।
ভারতের যুবরাজ সিং ৩১ ম্যাচ খেলে ৩৩টি ছক্কা হাঁকিয়েছেন। এর মধ্যে আছে স্টুয়ার্ট ব্রডকে হাঁকানো তার ছয় ছক্কাও। অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের ২৪ ম্যাচে ছক্কা ৩১টি। সেরা দশে থাকা বাকি নামগুলোর ভেতর এবার বিশ্বকাপে থাকছেন কেবল বিরাট কোহলি। ২৭ ম্যাচে ২৮ ছক্কা তার।
সুতরাং, চোখ বন্ধ করেই বলে দেয়া যায়, স্বঘোষিত ইউনিভার্স বস ক্রিস গেইলের ছক্কার রেকর্ড ভাঙা খুব একটা সহজ কাজ নয়। অনেকদিন টিকে থাকবে তার এই রেকর্ড।