যাদবপুরে ‘দাদাদের’ রাজ শেষ! পড়াশোনা শেষে ৭ দিনের মধ্যে খালি করতে হবে হোস্টেল, জারি নির্দেশিকা

গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু রাজ্যজুড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছিল। র‌্যাগিংয়ের জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পর এবার আরও কড়া পদক্ষেপ নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এখন থেকে আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তথাকথিত ‘দাদারা’ হস্টেল দখল করে বসে থাকতে পারবে না। পড়াশোনা শেষ হলেই তাদের সাত দিনের মধ্যে হস্টেল ছেড়ে বাড়ি ফিরে যেতে হবে। এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু ঘটনায় ‘সিনিয়র দাদাদের’ বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পর একাধিকবার সিনিয়রদের পড়াশোনা শেষ হয়ে গেলে হস্টেল ছেড়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু তা মানা হয়নি।

কিন্তু এবার নতুন বর্ষ শুরু হওয়ার আগেই বিশ্ববিদ্যালয় স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, গবেষণার কাজ শেষ হলে সর্বোচ্চ এক মাস এবং পড়াশোনা শেষ হলে সর্বোচ্চ সাত দিনের মধ্যে হস্টেল ছেড়ে যেতে হবে। এর বেশি সময় কেউ হস্টেল দখল করে থাকতে পারবে না।