নির্বাচনী নিয়ম লঙ্ঘনের অভিযোগে IPS অফিসার সাসপেন্ড, তলব আরেক কর্তাকেও

নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগে কড়া পদক্ষেপ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বিশেষ সচিব, আইপিএস অফিসার ডিএস কুট্টে-কে সাসপেন্ড করা হয়েছে।

অভিযোগ, নির্বাচনী প্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপ করেছেন তিনি। আজ, ২৯ মে-র মধ্যে তাকে দিল্লিতে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ওড়িশার মুখ্য নির্বাচনী আধিকারিক খসড়া চার্জশিট তৈরি করে ওড়িশার মুখ্যসচিবকে দেবেন। আগামীকালের মধ্যে চার্জশিট পূর্ণাঙ্গ করতে হবে মুখ্যসচিবকে।

এছাড়াও, আইজি (মুখ্যমন্ত্রীর নিরাপত্তা) পদে কর্মরত আরেক আইপিএস অফিসার আশীষ সিং-কে মেডিক্যাল টেস্টের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ৪ মে থেকে মেডিক্যাল লিভে রয়েছেন এই অফিসার। ৩০ মে-র মধ্যে তাকে ভুবনেশ্বরের এইমসে মেডিক্যাল টেস্ট করাতে হবে। পরীক্ষার জন্য বিশেষ মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশও দিয়েছে কমিশন।

নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে যে, নির্বাচনী প্রক্রিয়ায় কোনও ছেলেখেলা বরদাস্ত করা হবে না। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।