SPORTS: বিরাট কোহলিকে প্রথমবার আউট করেই চাহালের নতুন রেকর্ড

আইপিএলে প্রথমবারের মতো বিরাট কোহলিকে আউট করলেন যুবেন্দ্র চাহাল। টুর্নামেন্টের প্রাক্তন সতীর্থকে আউট করে দারুণ এক রেকর্ডও গড়লেন রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার।

আইপিএলের এলিমিনেটর ম্যাচে বুধবার ২৪ বলে ৩৩ রান করে চাহালের বলে আউট হন কোহলি। তাকে আউট করে নতুন কীর্তি গড়েছেন এই লেগ স্পিনার। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে কোহলির উইকেটটি চাহালের ৬৬তম।

এর মাধ্যমে সিদ্ধার্থ ত্রিবেদীর রেকর্ড ভেঙেছেন চাহাল। তিনি রাজস্থানের হয়ে ৬৫টি উইকেট নিয়েছিলেন। যা দলটিরর হয়ে আইপিএলে কোনো বোলারের সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ড ছিল। কোহলিকে প্রথমবার আউট করেই রেকর্ডটি নিজের করে নিলেন চাহাল।

রাজস্থানের হয়ে আইপিএলের সবচেয়ে বেশি উইকেট নেয়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার রাজস্থানের হয়ে ৬১টি উইকেট নিয়েছিলেন। চতুর্থ স্থানে রয়েছেন শেন ওয়ার্ন।

রাজস্থানকে প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন করা প্রাক্তন অধিনায়কের ঝুলিতে রয়েছে ৫৭টি উইকেট। তালিকায় পঞ্চম স্থানে আছেন জেমস ফকনার। তিনি রাজস্থানের হয়ে আইপিএলে ৪৭টি উইকেট নিয়েছিলেন।