BigNews: মুম্বইয়ে বিধ্বংসী ধুলোঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ৮ , আহত প্রায় ৬০

মুম্বইয়ের ঘাটকোপার এলাকায় আজ বিকেলে ভয়াবহ ধুলোঝড়ের কবলে পড়ে একটি বিশাল হোর্ডিং ভেঙে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জন নিহত এবং প্রায় ৬০ জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশ ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া আরও কিছু ব্যক্তির খোঁজ চালাচ্ছেন।
ঝড়ের তীব্রতায় পেট্রোল পাম্পের ঠিক বিপরীতে থাকা এই বিশাল হোর্ডিংটি ভেঙে পড়ে পাম্পের উপরেই এসে পড়ে। ধ্বংসস্তূপের নীচে এখনও কয়েকজন আটকে থাকার আশঙ্কা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF) ও পুলিশের উদ্ধারকারী দল তৎপরভাবে কাজ করছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্বপ্নিল খুপ্তে জানান, “আমি ওখানেই ছিলাম যখন হঠাৎ করেই ঝড়ো হাওয়ায় বিল্ডিংয়ের উপরে থাকা বিশাল হোর্ডিংটি ভেঙে পড়ে। সব গাড়ি, বাইক ও মানুষজন তার নীচে চাপা পড়ে। আমি কোনোমতে বেঁচে যাই। এরপর স্থানীয়রা মিলে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা করি।”
এই ঘটনায় হোর্ডিং কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।