OMG! প্রেমিকার সঙ্গে দেখা করতে রাশিয়ায় গিয়ে গ্রেফতার হলেন মার্কিন সেনা

প্রেমিকার সাথে দেখা করতে রাশিয়ার বন্দরনগরী ভ্লাদিভস্তকে বেড়াতে গিয়েছিলেন মার্কিন সেনা গর্ডন ব্ল্যাক (৩৪)। আর সেখানে তাকে চুরির অভিযোগে তাকে গ্রেফতার করেছে রাশিয়া। মার্কিন সেনা কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহের বৃহস্পতিবার তাকে গ্রেফতার করেছে রাশিয়া।
সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, সার্জেন্ট গর্ডন ব্ল্যাকের বিরুদ্ধে একজন নারীর কাছ থেকে চুরি করার অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, গর্ডন ব্ল্যাক দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনা ঘাঁটিতে কর্মরত ছিলেন। ব্ল্যাক যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট কাভাজোসের বাসিন্দা। তিনি বিবাহিত হলেও ভ্লাদিভস্তকে গিয়েছিলেন তার দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে দেখা করতে ভ্লাদিভস্তক গিয়েছিলেন।
মার্কিন সশস্ত্রবাহিনীর মুখপাত্র সিনথিয়া স্মিথ ব্ল্যাকের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এবং মার্কিন পররাষ্ট্র দফতর রাশিয়ায় গ্রেফতার হওয়া সৈনিককে উপযুক্ত কনস্যুলার সহায়তা প্রদান করছে।
তিনি জানিয়েছেন, এরই মধ্যে ব্ল্যাকের পরিবারকে তার গ্রেফতারের বিষয়টি জানানো হয়েছে। তবে পরিবার কি প্রতিক্রিয়া দিয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি।
মার্কিন কর্মকর্তাদের মতে, দক্ষিণ কোরিয়ায় বসবাসরত এক রুশ নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ব্ল্যাকের। গত শরতে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এর কিছুদিন পর সেই রুশ নারী দক্ষিণ কোরিয়া ছেড়ে চলে যান। সেই নারীর চলে যাওয়ার পেছনে দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষের কোনো হাত আছে কি না তা জানা যায়নি।
কর্মকর্তারা আরও জানিয়েছেন, ব্ল্যাক মার্কিন সেনাবাহিনীর একজন পদাতিক সেনা। তিনি যে রাশিয়া যাচ্ছেন, তা তিনি তার ইউনিটকে জানাননি এমনকি তিনি অফিশিয়াল কোনো অনুমতিও নেননি। তারা আরো জানিয়েছেন, কিছুদিনের মধ্যে ব্ল্যাককে দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফেরত পাঠানো হতো।