ভোটের দিন সরকারি-বেসরকারি অফিসে সবেতন ছুটি? বিভ্রান্তি নিয়ে মুখ খুলল নির্বাচন কমিশন

ভোট দিতে গেলে অফিস যাওয়ার উপায় নেই। তাহলে উপায়? বিভ্রান্তি দূর করল নির্বাচন কমিশন।
মুখ্য নির্বাচনী আধিকারিক কৃষ্ণমূর্তি বলেন, ‘ভোটের দিন সংশ্লিষ্ট কেন্দ্রে ছুটি থাকবে। তবে কোনও কর্মচারীর বেতন কাটা যাবে না সেদিন। সবেতন ছুটি থাকবে সেদিন। বেসরকারি কর্মচারীদেরও হতাশ হওয়ার কোনও কারণ নেই। তাঁরাও ভোটের দিনের বেতন পাবেন। যাতে বেশিরভাগ মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন, তার জন্যই এই সিদ্ধান্ত। এতে ভোটের হার বাড়বে।’
কৃষ্ণমূর্তি বলেন, ‘জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, সরকারি হোক বা বেসরকারি, দিল্লিতে সমস্ত চাকরিজীবীরা ভোটের দিন ছুটি পাবেন। ভোটাধিকার প্রয়োগ করার জন্য সমস্ত চাকরিরতদের সবেতন এই ছুটি দেওয়া হবে। এ ছাড়াও দিল্লিতে কর্মরত পড়শি রাজ্য উত্তর প্রদেশ, হরিয়ানা এবং রাজস্থানের ভোটাররাও ২৫ মে নির্বাচনের দিন সবেতন ছুটি পাবেন।’
কোনও ভোটার যদি কর্মসূত্রে অন্যত্র বাস করেন, সে ক্ষেত্রেও নিজের কেন্দ্রে ভোট দেওয়ার জন্য তাঁকে কর্মস্থল থেকে সবেতন ছুটি দেওয়া বাধ্যতামূলক।