ইসরাইলে ঘণ্টা দূরত্বে ইরানের ড্রোন হামলা, ক্রমশ বাড়ছে যুদ্ধের মেঘ

ইসরায়েলে ড্রোন হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে ইরান। দেশটির চৌকস বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইরান ইসরায়েলে কয়েক ডজন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
আইআরজিসি জানায়, ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো ছোঁড়া হয়েছে। এই পদক্ষেপটি ‘ইসরায়েলি অপরাধের’ শাস্তির অংশ। সিরিয়ায় ইরানের কনস্যুলেটকে লক্ষ্য করে আমরা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অভিযান শুরু করেছি।

আইআরজিসি আরো জানিয়েছে, ড্রোনের পর ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে।

এদিকে ইসরায়েল জানিয়েছে, ড্রোনগুলো তাদের আকাশসীমায় পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় নেবে।

শনিবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ‘ইরান তার ভূখণ্ড থেকে ইসরায়েল রাষ্ট্রের ভূখণ্ডের দিকে ইউএভি চালু করেছে। ইরানের এই বৃহৎ আকারের হামলার আগে আমাদের প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক সব বিষয়ে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।

এর আগে রোববার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ছোঁড়ে ইরান৷ যেগুলো ইসরায়েলে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগবে।

প্রসঙ্গত, প্রথমবারের মতো ইরান তার মাটি থেকে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে। সামরিক তথ্য বিষয়ক মার্কিন ওয়েবসাইট এক্সিওস বিষয়টি জানিয়েছে। তবে কী লক্ষ্য করে তা ছোঁড়া হয়েছে তা স্পষ্ট নয় বলে এক্সিওস এর ওয়েবসাইটে বলা হয়েছে।

গত ১ এপ্রিল দামেস্কে হামলা চালানোর পর থেকেই উচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েল। এই হামলার পর প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইরান এবং এই প্রতিশোধমূলক আক্রমণ প্রত্যাশিত ছিল।