“কংগ্রেস ক্ষমতায় এলে দরিদ্র পরিবারের মহিলাদের ১ লাখ করে দেওয়া হবে”

ভারতে লোকসভা ভোটের হাতে গোনা কয়েকদিন বাকি। তার আগে ভোট প্রতিশ্রুতি উঠে আসছে দেশের বিভিন্ন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের পক্ষ থেকে।

রাজস্থানে ভোট প্রচারে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার দল ক্ষমতায় এলে কী কী করতে চলেছে, তার খতিয়ান দেন।

সদ্য কংগ্রেস তার ইশতেহার প্রকাশ করেছে। সেখানে দরিদ্র পরিবার পিছু ১ লাখ টাকা দেওয়ার প্রকল্পেরও উল্লেখ রয়েছে।

সেই প্রসঙ্গে রাজস্থানের অনুপগড়ে কংগ্রেসের সভা থেকে রাহুল গান্ধী বলেন, কংগ্রেসের সরকার ক্ষমতায় এলে প্রতিটি দরিদ্রসীমার নিচে থাকা পরিবারের একজন নারী সদস্যকে ১ লাখ টাকা ট্রান্সফার করবে তার ব্যাংক অ্যাকাউন্টে। আর এই টাকা ততদিন দেওয়া হবে, যতদিন না পরিবারটি দারিদ্রসীমার স্তর থেকে উপরে উঠে যায়।

রাহুলের দাবি, এইভাবে ‘এক ঝটকায় দেশ থেকে দারিদ্র্যতা মিটিয়ে দেওয়া হবে।’ কংগ্রেসের ইশতেহারে যে সব ভোট প্রতিশ্রুতি রয়েছে, তা তুলে ধরে বক্তব্য রাখেন রাহুল।

রাহুল বলেন, ভারতের প্রতিটি গরিব পরিবারে একজন নারীকে কংগ্রেস পার্টির সরকার ক্ষমতায় এলে বছরে ১ লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবে। আপনি যদি গরিব হন, তা সে শ্রমিকই হোন বা চাষই করুন না কেন, বা ছোট কারখানায় কাজই করুন না কেন, যদি গরিব পরিবারের হন আপনি, তাহলে আপনার পরিবারে একজন নারীকে মাসে ৮৫০০ টাকা, বছরে ১ লাখ টাকা সরকার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবে।

রাহুল হিন্দিতে বলেন,’৮৫০০ খটাখট খটাখট খটাখট আতা রহেগা.. অউর এক ঝটকেসে হিন্দুস্তানসে গরিবি কো মিটা দেঙ্গে।’

হিন্দুস্তান টাইমস