রাত ১০ টায় বন্ধ করছিলেন দোকান, সেইসময় ব্যবসায়ীকে কুপিয়ে খুন!

কোচবিহারের তুফানগঞ্জে বৃহস্পতিবার রাতে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মৃত ব্যবসায়ীর নাম সজল সাহা (৩৫)। তিনি মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েত-এর মারুগঞ্জ বাজারে মুদিখানার দোকান চালাতেন।
বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ সজল সাহা দোকান বন্ধ করছিলেন।অভিযোগ, সেই সময় আচমকাই ধারালো অস্ত্র হাতে এক যুবক সজলের উপর চড়াও হয়।
কেউ কিছু বুঝে ওঠার আগেই সজলের মাথায় ও বুকে এলোপাতাড়ি কোপাতে থাকে।এরপরই অস্ত্র ফেলে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত।
রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সজল।তাকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার পুলিশ।পুরো বিষয়টি খতিয়ে দেখে তারা।অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ব্যবসায়ী মহলে।সজলের জ্যাঠতুতো দাদা দুলাল সাহা জানান, তাঁর ভাইয়ের সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না।
ঘটনায় অভিযুক্তের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।