তন্ত্রসাধক সন্দেহে মল-মূত্র খাইয়ে মারধর! বৃদ্ধের মৃত্যুতে শোরগোল এলাকায়

মালদার চাঁচল থানার অন্তর্গত একটি গ্রামে কুসংস্কারের জের ধরে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের পরিবারের দাবি, গ্রামবাসী তাকে ডাইনি বলে অভিযোগ করে বারবার হেনস্তা করত। সাম্প্রতিককালে সালিশি সভা ডেকে মল-মূত্র খাইয়ে মারধরও করা হয় তাকে। এই ঘটনার পরই বাড়ির পিছনের গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ৬০ বছর বয়সী জয়দেব বর্মনের দেহ।

মৃতের পরিবারের অভিযোগ, গ্রামে কারোর অসুখ হলেই জয়দেবকে দায়ী করা হত। গ্রামবাসীদের ধারণা ছিল তিনি তন্ত্রসাধনা করেন। এই সন্দেহের বলেই তাকে বারবার হয়রানি করা হত। গত সপ্তাহে গ্রামের কিছু লোক জয়দেবকে ধরে সালিশি সভা ডাকে। সেখানে তাকে ডাইনি বলে অভিযোগ করে মল-মূত্র খাইয়ে মারধর করা হয়। এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন জয়দেব।

শনিবার বিকেলে বাড়ির পিছনের গাছে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়। মৃতের পরিবার গ্রামের ১০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে চাঁচল থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।