রাম নবমীতে টানা তিনদিন জেগে ভক্তদের দর্শন রামলালার? উদ্যোগে সাধু-সন্তদের তীব্র আপত্তি

রাম নবমীর সময় টানা তিন দিন ২৪ ঘণ্টা রামলালাকে জাগিয়ে রাখার প্রস্তাব নিয়ে সন্তরা আপত্তি তুলেছেন। তাদের বক্তব্য, কোনও পূজোর ক্ষেত্রেই এমন পরম্পরা নেই।
শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে, রাম নবমীতে টানা তিন দিন ২৪ ঘণ্টা রাম মন্দির খোলা রাখা হবে কি না, তা নিয়ে এখনও আলোচনা চলছে।
আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে রাম নবমীর মেলা। এই সময় ৫০ লাখেরও বেশি পুণ্যার্থী অযোধ্যায় পৌঁছবেন বলে মনে করা হচ্ছে।
ভিড়ের কথা মাথায় রেখে, সকলকে রামলালার দর্শনের সুযোগ করে দেওয়ার জন্য তিন দিন ২৪ ঘণ্টা রাম মন্দির খোলা রাখার চিন্তাভাবনা ছিল কর্তৃপক্ষের।
বর্তমানে রাম মন্দির ১৪ ঘণ্টা করে খোলা থাকে। প্রতিদিন দেড় থেকে দু’লাখ ভক্ত রামলালার দর্শনে পৌঁছন।
জেলা প্রশাসন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে অষ্টমী, নবমী এবং দশমী তিথিতে রাম মন্দির ২৪ ঘণ্টা খোলা রাখার আর্জি জানিয়েছে।
তবে ট্রাস্টের বক্তব্য, সাধু সন্তদের থেকে এ প্রসঙ্গে মতামত নিয়ে তবেই রাম মন্দির টানা খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা গিয়েছে, টানা তিন দিন ২৪ ঘণ্টা রামলালাকে জাগিয়ে রাখা নিয়ে আপত্তি তুলেছেন সন্তরা।
সাধু সন্তদের বক্তব্য, রামলালাকে সঠিক সময় শয়ণ করতে না দেওয়া শাস্ত্র সম্মত নয়। ট্রাস্টের মহাসচিব চম্পত রাই বলেন, ‘রামলালা অযোধ্যার রাম মন্দিরে পাঁচ বছরের বালকরূপে বিরাজমান। তাঁর ২৪ ঘণ্টা জেগে থাকা সম্ভব নয়। তবে আদৌ রাম নবমীর সময় ভক্তদের তিনি ২৪ ঘণ্টা করে টানা তিনদিন জেগে দর্শন দেবেন কি না, তা নিয়ে চূড়ান্ত নির্ণয় নেওয়া হয়নি।’