GROUP-D পদে নিয়োগে বড় বদল পুরসভায়! BIG STEP নিলো নবান্ন

রাজ্যের পুরসভাগুলিতে গ্রুপ ডি কর্মী নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নিয়োগ কমিটির প্রধান হিসেবে জেলা শাসককে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর আগে, পুরসভাগুলিতে গ্রুপ ডি কর্মী নিয়োগের ক্ষেত্রে চেয়ারম্যানদের নিয়োগ কমিটির প্রধান করা হত। এর ফলে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ উঠেছে।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে পুরসভাগুলিতে গ্রুপ ডি কর্মী নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ কমে আসবে বলে আশা করা হচ্ছে।

রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং বিধায়ক তাপস রায়ের বাড়িতে ইডি তল্লাশির পর পুর নিয়োগ দুর্নীতির বিষয়ে রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়। এরপরেই রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।

রাজ্যের সমস্ত পুরসভার ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে।

ইতিহাস

২০১৮ সালে তৃণমূল সরকার ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন তৈরি করেছিল। এই কমিশনের হাতেই তুলে দেওয়া হয় পুরসভার গ্রুপ এ, বি এবং সি -এর জন্য কর্মী নিয়োগ ক্ষমতা। কিন্তু, ডি বিভাগের ক্ষেত্রে নিয়োগ করার দায়িত্ব ছিল পুরসভার হাতেই।

সাধারণভাবে গ্রুপ ডির নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকে অষ্টম শ্রেণি পর্যন্ত। সেক্ষেত্রে তা পুরসভার হাতে রাখার অন্যতম একটি যুক্তি ছিল যদি এই পদের জন্য বিজ্ঞাপন বার হয় সেক্ষেত্রে লাখ লাখ আবেদন জমা পড়বে। ফলে কমিশন গোটা নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে অনেক সময় লাগাবে। সেই সময় স্থানীয়ভাবে যাতে এই নিয়োগ করা হয় তাতে সম্মতি দেওয়া হয়।