“ও ভালো থাকলেই আমি খুশি!”-স্ত্রীকে আইনিভাবেই প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী

জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। স্বামীর চোখের সামনেই স্ত্রী পরপুরুষের সঙ্গে প্রেম করছেন। কিন্তু স্বামী তা মেনে নিয়েছেন, এমনকি চুক্তি করে স্ত্রীকে তাঁর ভালোবাসার মানুষের হাতে তুলে দিয়েছেন।
পাঁচ বছর আগে টোটো মেকানিক সুদীপের সঙ্গে প্রেমে পড়েন রেশমী। দুজনের প্রেম পরিণতি পায় বিবাহে। এরপর দু’জনের দাম্পত্য চলছিল ভালই। জন্ম নেয় সন্তান। কিন্তু পাঁচ বছর পর স্ত্রী রেশমী অন্য পুরুষের প্রেমে মজেছেন।
বছর খানেক আগে এলাকার আরেক তরুণের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রেশমী। লুকিয়ে সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। অন্তরালে দুজনের প্রেমালাপ চলছিল বেশ কিছুদিন ধরে। কিন্তু, সেই সম্পর্ক আর কতদিন চাপা দিয়ে রাখা সম্ভব?
পরিবারের সদস্যের কাছে ধরা পড়েন রেশমী। পেশায় ছোটখাটো ব্যবসায়ী তরুণের সঙ্গে বাড়ির বউয়ের এ সম্পর্ক তো মেনে নেওয়া যায় না। ক্ষোভ বাড়ল পরিবারে। তবে হৃদয় ভাঙলেও স্ত্রীর প্রতি বিরূপ কোনও সিদ্ধান্তে যেতে চাননি স্বামী সুদীপ।
শেষ পর্যন্ত ১০ টাকার স্ট্যাম্প পেপার আনিয়ে চুক্তি করলেন সুদীপ ও রেশমী। চুক্তিতে বলা হয়, স্ত্রী রেশমী তাঁর মনের মানুষের সঙ্গে যেতে পারেন। তবে সন্তানকে রাখতে হবে সুদীপের কাছে। এই শর্ত মেনে নিয়ে পরকীয়া মেনে নিয়ে চুক্তিবদ্ধ হলেন রেশমী।
শনিবার নতুন প্রেমিকযুগল স্থানীয় একটি মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। শুর হয় তাঁদের নতুন জীবনের পথচলা।