Covid-19: জানুয়ারিতেই আছড়ে পড়বে করোনা ঢেউ! হু হু করে সংক্রমণ ছড়িয়ে পড়বে চিনে

সাময়িক বিরতির পর ফের বিশ্বের একাধিক স্থানে বৃদ্ধি পেয়েছে করোনা দৈনিক সংক্রমণ। এই তালিকায় রয়েছে চিন-ও। নতুন বছরে শুরুতে সংক্রমণ কিছুটা কমলেও, জানুয়ারির শেষের দিকে হাইজাম্প দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য কমিশন।

রবিবার চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং জানিয়েছে যে গত ডিসেম্বরের শেষের দিকে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে জ্বর ও শ্বাসপ্রশ্বাস সমস্যা সংক্রান্ত উপসর্গ নিয়ে বহু রোগী ভর্তি হয়েছিলেন। আক্রান্তদের মধ্যে বেশিরভাগে শরীরে করোনার নতুন স্ট্রেন পাওয়া গিয়েছিল। কিন্তু নতুন বছরের শুরুর পর রোগী ভর্তি সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। রোগীর সংখ্যা কমলেও, জানুয়ারির শেষের দিকে সংক্রমণ বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য কমিশনের মুখপাত্র।

চিনের ন্যাশনাল ইনফ্লুয়েঞ্জা সেন্টারের প্রধান ওয়াং দায়াং জানিয়েছেন, নববর্ষের ছুটির জন্য কোভিড পরীক্ষার হার ১ শতাংশের নিচে ছিল। কিন্তু তা সত্ত্বেও করোনার নতুন স্ট্রেন জিএন-১ প্রভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায়। শীত এবং বসন্তের মরসুমে কোভিড সংক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ওই ভাইরাস বিশেষজ্ঞ।

তিনি সংক্রমণ রুখতে সরকারের কাছে কড়া নজরজারি চালানোর আবেদন জানিয়েছেন। আগাম সতর্কতা হিসেবে কোভিড বিধি মেনে চলার জন্য চিনের জনতার কাছে জানিয়েছেন আবেদন। সেই সঙ্গে ভিড় স্থান এড়িয়ে চলার পাশপাশি মাস্ক ব্যবহারের উপর জোর দিয়েছেন ওই ভাইরাস বিশেষজ্ঞ।

নতুন করে কোভিড সংক্রমণের আশঙ্কা করে টিকাকরণের উপর জোর দিয়েছেন চিনের ন্যাশনাল ইনফ্লুয়েঞ্জা সেন্টারের প্রধান ওয়াং দায়াং। বয়স্ক, গর্ভবতী এবং কো-মর্বিডিটি আছে, এমন মানুষদের টিকাকরণে পরামর্শ দিয়েছেন তিনি। সেই সঙ্গে আরও বেশি করে করোনা পরীক্ষার কথা জানিয়েছেন।