তাইওয়ানের নির্বাচনে চীনকে হস্তক্ষেপ না করার হুঁশিয়ারি দিলো আমেরিকা

তাইওয়ানের আসন্ন প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে বাইরের কোনো হস্তক্ষেপ ও প্রভাব খাটানোর চেষ্টার বিরোধিতা করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত চীনকে উদ্দেশ্য করেই বুধবার মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই হুঁশিয়ারি দেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয় যে, নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা সাংবাদিকদের জানান যে, ওয়াশিংটন এই নির্বাচনে পক্ষ নেয় নি এবং তার পছন্দের প্রার্থী নেই।

তিনি আরো বলেন, যাকেই নির্বাচিত করা হোক না কেন, তাইওয়ানের প্রতি আমাদের নীতি একই থাকবে এবং আমাদের শক্তিশালী অনানুষ্ঠানিক সম্পর্কও অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক মহলে তাইওয়ানের সবচেয়ে বড় মিত্র ওয়াশিংটন। সেই সঙ্গে তাইওয়ানের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারীও যুক্তরাষ্ট্র। চীন তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে। তাইওয়ান নিয়ে চীনের এমন অবস্থানের বিপক্ষে ওয়াশিংটন। আর এটা নিয়েই বেইজিং-ওয়াশিংটনের বিরোধ।

এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের পর তাইওয়ানে অনানুষ্ঠানিক প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করেছে ওয়াশিংটন। বুধবার বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এসব কথা বলেন।

আগামী শনিবার তাইওয়ানে পরবর্তী প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।