৩.৫ বিলিয়ন ডলারের পানীয় জলের বাজারে বড় ধাক্কা? গুণমান নিয়ে কড়া পদক্ষেপ FSSAI-এর

বোতলজাত পানীয় জলের গুণমান ও নিরাপত্তা নিশ্চিত করতে আরও কড়া অবস্থান নিল কেন্দ্রের খাদ্য নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। দেশের প্যাকেজড ড্রিংকিং ওয়াটার ও মিনারেল ওয়াটার শিল্পে নজরদারি ও তদারকি বাড়ানোর নির্দেশ দিয়েছে সংস্থাটি। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষকে কারখানা পরিদর্শন, নমুনা সংগ্রহ এবং নিয়ম লঙ্ঘনকারী সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রয়টার্সের হাতে আসা ২৫ নভেম্বরের নির্দেশিকা অনুযায়ী, বোতলজাত পানীয় জলের সুরক্ষা খতিয়ে দেখতে নজরদারি ও আইন প্রয়োগের প্রক্রিয়া আরও জোরদার করা হচ্ছে। এর ফলে পেপসি, কোকা-কোলা, টাটা কনজিউমার প্রোডাক্টস এবং রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টসের মতো প্রথম সারির সংস্থাগুলিও FSSAI-এর বাড়তি নজরদারির আওতায় আসতে পারে বলে মনে করা হচ্ছে। সংস্থার বক্তব্য, প্যাকেজড ড্রিংকিং ওয়াটার ও মিনারেল ওয়াটারের মান ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ; তাই নিয়মিত পরিদর্শন, স্যাম্পল পরীক্ষা এবং আইন কার্যকর করার বিষয়টি আরও শক্তিশালী করা প্রয়োজন।

এই কড়া পদক্ষেপের নেপথ্যে বিসলেরির জলের নমুনা নিয়ে সাম্প্রতিক বিতর্ককে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। দেশের অন্যতম পরিচিত এই পানীয় জলের ব্র্যান্ডকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করেছিল খাদ্য নিয়ন্ত্রক সংস্থা। ওই জলের নমুনায় ব্রোমেটের উপস্থিতি মিলেছিল, যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় বলে জানা গিয়েছে। যদিও বিসলেরি দাবি করেছে, তাদের নিজস্ব সুরক্ষামূলক পরীক্ষায় কোনও সমস্যা ধরা পড়েনি। এই ঘটনার পরই বোতলজাত পানীয় জলের সার্বিক মান নিয়ে আরও সতর্ক ও সক্রিয় হতে চাইছে FSSAI।

উল্লেখ্য, ভারতে বোতলজাত পানীয় জলের বাজার দ্রুত বাড়ছে এবং এই শিল্পের বর্তমান বাজারমূল্য প্রায় ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার। সাধারণ পানীয় জলের পাশাপাশি উন্নত মানের জন্য বাড়তি অর্থ ব্যয় করতে রাজি এমন ক্রেতাদের কথা মাথায় রেখে প্রিমিয়াম ওয়াটারের বাজারও সম্প্রসারিত হচ্ছে। তবে সেই বাজারে গুণগত মানের প্রশ্নে কোনও রকম আপস করতে নারাজ নিয়ন্ত্রক সংস্থা। আগামী দিনে বিভিন্ন নমুনা পরীক্ষায় কী তথ্য সামনে আসে, সেদিকেই নজর রাখছেন FSSAI আধিকারিকেরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *