খালাস পাওয়ার পরও রেহাই নয়? শ্রীরামপুরের ফুটবলার মৃত্যুর তদন্তে নতুন চমক, অভিযুক্ত পুলিশ হেফাজতে

ছেলের মৃত্যুর বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবারে’ গিয়েছিলেন অসহায় মা-বাবা। এর পরই ফুটবলারের রহস্যমৃত্যুর ফাইল পুনরায় খুলে বেকসুর খালাস পাওয়া প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পিন্টু নাগকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার তাঁকে শ্রীরামপুর আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর শ্রীরামপুর মালগুদামের কাছের রেললাইন থেকে উদ্ধার হয় পোর্ট ট্রাস্টের গোলরক্ষক স্নেহাশিস দাশগুপ্ত ওরফে রাজার মৃতদেহ। অভিযোগ, দুর্গাপুজোর নবমীর রাতে পাড়ার দুই যুবক রিন্টু ও পাপানের সঙ্গে মারামারিতে জড়ান রাজা। পাপান সম্পর্কে প্রাক্তন কাউন্সিলর পিন্টুর খুড়তুতো শ্যালক। ওই মারপিটের খবর পেয়ে পিন্টু কয়েকজনকে নিয়ে গিয়ে রাজাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। গভীর রাতে অচৈতন্য অবস্থায় রাজাকে এক বন্ধুর বাড়িতে শুইয়ে দিয়ে আসা হয় এবং পরের দিন রেললাইনে তাঁর দেহ মেলে।

রাজাকে মারধরে খুন করে রেললাইনে ফেলে দেওয়া হয়েছে বলে শুরু থেকেই অভিযোগ তুলেছিলেন তাঁর মা-বাবা। সেই ঘটনায় শ্রীরামপুর পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পিন্টু নাগকে গ্রেফতার করেছিল শ্রীরামপুর থানার পুলিশ। তবে ২০২১ সালের ৩ মার্চ তিনি বেকসুর খালাস পান।

দীর্ঘদিন ধরে ছেলের মৃত্যুর বিচার না পেয়ে রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রীর জনতার দরবারে যান রাজার মা রিঙ্কু দেবী ও বাবা দোলন দাশগুপ্ত। এর পরই বুধবার রাতে ফের পিন্টু নাগকে গ্রেফতার করে পুলিশ। রাজার মা-বাবার অভিযোগ, “আমাদের হুমকি দেওয়া হতো, ভয়ে কিছু বলতে পারিনি। তখন ওদের রাজত্ব ছিল। এখন আশা করছি ছেলের মৃত্যুর বিচার পাব।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *