‘গায়ে হাত দেবেন না!’ হুমায়ুনকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলল পুলিশ, দেখুন সেই ভিডিও

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের ভোটগ্রহণের সকালেই বড়সড় রাজনৈতিক সংঘাতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রেজিনগর। ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়ার পথে আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রধান তথা বিধায়ক হুমায়ুন কবীরকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের সঙ্গে তীব্র ধস্তাধস্তি ও বচসার পর তাঁকে টেনেহিঁচড়ে গাড়িতে তোলার একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সকালে কী ঘটেছিল?
আজ সকালে রেজিনগর বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। সকালে নিজের কেন্দ্রে ভোট দিয়ে বের হওয়ার সময়ই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন হুমায়ুন কবীর। তাঁর বিস্ফোরক অভিযোগ ছিল, বুথে বুথে বিজেপি বাধা দিচ্ছে এবং রেজিনগরে প্রকাশ্য ভোট লুঠ চলছে। সকাল থেকেই তাঁর বাড়ির বাইরে পুলিশি পাহারা থাকায় ক্ষোভ আরও বাড়ে। পুলিশের বিরুদ্ধে ‘দলদাস’ হিসেবে কাজ করার ও বিরোধী এজেন্টদের বসতে না দেওয়ার গুরুতর অভিযোগ তোলেন তিনি।
পুলিশের সঙ্গে বচসা ও গ্রেফতারি
দলের পার্টি অফিস থেকে বেরিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার সময় পুলিশ তাঁর পথ আটকায়। এরপরই শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। পরিস্থিতি চরমে পৌঁছালে পুলিশ তাঁকে আটক করার চেষ্টা করে। সেই সময় পুলিশের ওপর চড়াও হয়ে হুমায়ুন কবীর হুঙ্কার দিয়ে বলেন, “বলছি গায়ে হাত দেবেন না, বাড়াবাড়ি করবেন না কিন্তু!”
#WATCH | West Bengal: Aam Janata Unnayan Party (AJUP) chief and MLA Humayun Kabir being taken away by Rejinagar Police from his party office in Murshidabad. More details awaited.
Earlier today, he cast his vote in the Rejinagar Assembly constituency by-election. https://t.co/64BUjurfKQ
— ANI (@ANI) October 6, 2026
এর আগে তিনি প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ভোটে বাধা দেওয়া হলে রাস্তায় মুগুর নিয়ে নামবেন। শেষ পর্যন্ত আইন অমান্য ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে জোরপূর্বক আটক করে রেজিনগর থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।
উপনির্বাচনে কড়া নিরাপত্তা
আজ কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রেজিনগর ও নন্দীগ্রাম কেন্দ্র দুটিকে। এমন হাই-ভোল্টেজ উপনির্বাচনের সকালেই হেভিওয়েট বিধায়ক হুমায়ুন কবীরের এই আকস্মিক গ্রেফতারি রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে থমথমে পরিস্থিতি রয়েছে পুরো এলাকায়।