মেসি-কাণ্ডে প্রতারিত ৩৩ হাজার ফুটবলপ্রেমীর জন্য বড় সুখবর! টিকিটের পুরো টাকা ফেরতের ঘোষণা মুখ্যমন্ত্রীর

গত বছরের ডিসেম্বরে বিশ্বখ্যাত ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফর এবং সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুষ্ঠানে ঘটে যাওয়া চরম বিশৃঙ্খলা ও কেলেঙ্কারির ঘটনায় বড় ঘোষণা করল রাজ্য সরকার। টিকিট কেটেও যারা মেসিকে সামনে থেকে দেখতে পাননি এবং ক্ষোভে ফেটে পড়েছিলেন, সেই প্রায় ৩৩ হাজার দর্শককে তাঁদের টিকিটের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।

জাতীয় ক্রীড়া দিবসের এক অনুষ্ঠানে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, মেসিকে দেখতে আসা বহু মানুষ ৪,০০০ ও ৬,০০০ টাকা দিয়ে টিকিট কেটেছিলেন। কিন্তু অব্যবস্থা ও বিশৃঙ্খলার কারণে তাঁরা চরম হেনস্থার শিকার হন। তাই সেই ৩৩ হাজার ক্রীড়াপ্রেমীর খোয়া যাওয়া টাকা ফেরত দেওয়ার জন্য ইতিমধ্যেই অভ্যন্তরীণভাবে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যের ক্রীড়া বাজেট থেকেই এই অর্থ ফেরানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ ডিসেম্বরের ওই অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলার জেরে গ্যালারির চেয়ার ভাঙচুর থেকে শুরু করে মাঠের নানা জিনিসপত্র নষ্ট হওয়ার ঘটনা ঘটেছিল। তৎকালীন সরকারের অব্যবস্থাকেই সেদিনের এই লজ্জাজনক পরিস্থিতির জন্য দায়ী করেছিলেন ফুটবলপ্রেমীরা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রতারিত দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার এই ঘোষণায় ক্রীড়ামহলে স্বস্তির নিঃশ্বাস পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *