“গিল এখন আমার ক্যাপ্টেন, ওকে তো খুশি রাখতেই হবে!” ২০২৭ বিশ্বকাপ খেলা নিয়ে রোহিতের মুখে বিস্ফোরক মন্তব্য

“গিল এখন আমার ক্যাপ্টেন, ওকে খুশি রাখতেই হবে!” ২০২৭ বিশ্বকাপ খেলা নিয়ে বিরাট হুংকার রোহিত শর্মার
আগামী বছর বসতে চলেছে ওয়ান ডে বিশ্বকাপের আসর। আর সেই মেগা টুর্নামেন্টে দেশের জার্সিতে মাঠে নামার জন্য এখন থেকেই মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুই অভিজ্ঞ তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। বর্তমানে শুধুমাত্র ওয়ান ডে ফর্ম্যাটেই খেললেও জাতীয় দলের হয়ে সুযোগ পেতেই দুই তারকা ব্যাটারই নিজেদের নামের প্রতি সুবিচার করে রানের ধারা অব্যাহত রেখেছেন। এরই মাঝে শুভমন গিলকে নিয়ে এক মজার ও তাৎপর্যপূর্ণ মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ফের শোরগোল ফেলে দিয়েছেন ‘হিটম্যান’ রোহিত শর্মা।
টিভি শোয়ে রোহিতের রসিকতা, নেপথ্যে কি ২০২৭ বিশ্বকাপ?
বর্তমানে ক্রিকেট মাঠের বাইরে একটি জনপ্রিয় টেলিভিশন শো ‘ফ্যামিলি ফুল হাউস’-এর উপস্থাপক হিসেবেও কাজ করছেন রোহিত শর্মা। সম্প্রতি ওই শোয়ে আসা এক অতিথি তাঁকে একটি বেশ মজার ও কৌতূহলী প্রশ্ন করেন। রোহিতকে জিজ্ঞেস করা হয়, যদি কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে শুভমন গিল ও শ্রেয়স আইয়ারের মধ্যে থেকে যেকোনো একজনকে বেছে নিতে হয়, তবে তিনি কাকে বাছবেন?
এই প্রশ্নের জবাবে রসিকতা করে রোহিত এমন এক মন্তব্য করেন, যেখানে তাঁর ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ খেলার তীব্র ইচ্ছাই স্পষ্ট হয়ে ওঠে। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় অধিনায়ক হাসতে হাসতে বলেন,
“দুজনেই তো ভারতের অধিনায়ক। গিল এখন আমারও ক্যাপ্টেন! তাছাড়া আমাকে তো ২০২৭ সালের বিশ্বকাপ খেলতে হবে, তাই ওকে তো খুশিতেই রাখতেই হবে।”
অবসরের জল্পনা নিয়ে রাখঢাক না রেখেই জবাব হিটম্যানের
উল্লেখ্য, এর আগে ভারতের ইংল্যান্ড সফরের সময়ই রোহিত শর্মার কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে জলঘোলা শুরু হয়েছিল। বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে লর্ডস টেস্টের পরই তিনি ওয়ান ডে ফর্ম্যাট থেকেও অবসর নিতে পারেন। এমনকি বোর্ড সূত্রে এও বলা হয়েছিল যে ২০২৭ বিশ্বকাপের জন্য তাঁকে আর ভাবা হচ্ছে না।
যদিও বিসিসিআই সেই সমস্ত জল্পনা শুরুতেই উড়িয়ে দিয়েছিল। আর মাঠে নেমে রোহিতও ব্যাট হাতে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন। ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি কিছুদিন আগেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও একটি শতরান ও একটি ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি।
শোয়ের মঞ্চে নিজের অবসর নিয়ে চলা গুঞ্জন প্রসঙ্গে রোহিত স্পষ্ট ভাষায় বলেন, “আমার অবসর নিয়ে অতীতে যে সমস্ত জল্পনা শুনেছি এবং এখনও যা শুনছি, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আশা করছি আমাদের কেরিয়ার নিয়ে এই সমস্ত মনগড়া আলোচনা দ্রুত বন্ধ হবে।” আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে চলা ভারত-নিউজিল্যান্ড ওয়ান ডে সিরিজে ফের একবার মাঠে নামতে দেখা যাবে এই মারকাটারি ওপেনারকে।