যেখানে ক্যারিয়ারের সবচেয়ে খারাপ পারফরম্যান্স, কোচ হয়ে ঠিক সেখানেই ফিরলেন গৌতম গম্ভীর! সামনে কোন বড় চ্যালেঞ্জ?

টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) আবারও পা রেখেছেন শ্রীলঙ্কার ঐতিহাসিক গল (Galle) আন্তর্জাতিক স্টেডিয়ামে। আগামী ১৫ই আগস্ট এখানেই শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তবে এই মাঠের সঙ্গে জড়িয়ে রয়েছে গম্ভীরের খেলোয়াড়ি জীবনের বেশ কিছু মিশ্র ও তিক্ত স্মৃতি। এটি ঠিক সেই মাঠ, যেখানে অতীতে তাঁর ব্যাট যেমন হেসেছিল, তেমনই অত্যন্ত লজ্জাজনক ব্যর্থতার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। কোচ হিসেবে গম্ভীরের শ্রীলঙ্কা মিশনের ঠিক আগে একনজরে দেখে নেওয়া যাক গল স্টেডিয়ামে তাঁর অতীত পরিসংখ্যান এবং বর্তমান প্রধান কোচ হিসেবে তাঁর সামনে কী কী বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
খেলোয়াড় হিসেবে গলে গৌতম গম্ভীরের পারফরম্যান্স
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে গম্ভীর তাঁর টেস্ট কেরিয়ারে মোট দুটি ম্যাচ খেলেছেন:
২০০৮ সালের স্মরণীয় জয়: শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে গম্ভীর দুর্দান্ত ফর্মে ছিলেন। প্রথম ইনিংসে ৫৬ রান এবং দ্বিতীয় ইনিংসে ৭৪ রানের দারুণ দুটি ইনিংস খেলেন তিনি। ওই ম্যাচে বীরেন্দ্র শেবাগ প্রথম ইনিংসে অপরাজিত ২০১ রানের দুর্দান্ত দ্বিশতক হাঁকিয়েছিলেন এবং ভারত ম্যাচটি ১৭০ রানের বড় ব্যবধানে জিতে নেয়।
২০১০ সালের শোচনীয় ব্যর্থতা: কিন্তু ২০১০ সালের শ্রীলঙ্কা সফরে ঠিক এর উল্টো চিত্র দেখা যায়। ২০১০ সালের ১৮ জুলাই শুরু হওয়া সেই টেস্টে প্রথমে ব্যাট করে ৫২০ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে মাত্র ২৭৬ রানে গুটিয়ে যায় এবং গম্ভীর ব্যক্তিগত মাত্র ২ রান করে আউট হন। এরপর দ্বিতীয় ইনিংসে তিনি খাতাই খুলতে পারেননি (০ রান)। দুই ইনিংসেই তাঁকে প্যাভিলিয়নে ফেরান লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। শেষ পর্যন্ত রোমাঞ্চকর সেই ম্যাচে টিম ইন্ডিয়া ১০ রানে হেরে যায়।
প্রধান কোচ হিসেবে গম্ভীরের সামনে মূল চ্যালেঞ্জসমূহ
খেলোয়াড় হিসেবে পার করার দীর্ঘ এক দশক পর এবার প্রধান কোচের গুরুদায়িত্ব কাঁধে নিয়ে গল-এ ফিরেছেন গম্ভীর। আর তাঁর সামনে এবার রয়েছে কঠিন কিছু চ্যালেঞ্জ:
স্পিন-সহায়ক পিচ ও লঙ্কান স্পিনারদের সামলানো: গলের পিচ বরাবরই স্পিন সহায়ক হিসেবে পরিচিত। অতীতে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলোও এখানকার পিচে লঙ্কান স্পিনারদের ঘূর্ণির ফাঁদে পড়ে টেস্ট সিরিজ হেরেছিল। সম্প্রতি স্পিন বল খেলার ক্ষেত্রে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা বারবার প্রকাশ পেয়েছে। ফলে এই ঘূর্ণি উইকেটে লঙ্কান স্পিনারদের মোকাবিলা করা ভারতীয় দলের জন্য বড় পরীক্ষা হতে চলেছে।
দদলকে মানসিকভাবে প্রস্তুত করা: অতীতে শ্রীলঙ্কার মাটিতে ভারতীয় দলের কিছু তিক্ত অভিজ্ঞতা রয়েছে। কোচ গম্ভীর কীভাবে তাঁর দলকে এই প্রতিকূল কন্ডিশন এবং স্পিনের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য কৌশলগতভাবে প্রস্তুত করেন, এখন সেটাই দেখার বিষয়।