ভোটার তালিকায় বড়সড় কোপ! ৩২ লক্ষের ফয়সালা হতেই বাদ পড়ল ১৩ লক্ষ নাম?

রাজ্য রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে ‘এসআইআর’ (SIR) বা সংশোধিত ভোটার তালিকা। সোমবার গভীর রাতে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই জল্পনা তুঙ্গে ছিল। বুধবার নির্বাচন কমিশন স্পষ্ট জানাল, ৬০ লক্ষ বিচারাধীন নামের মধ্যে ৩২ লক্ষের নিষ্পত্তি করা হয়েছে। যার মধ্যে প্রায় ৪০ শতাংশ বা ১৩ লক্ষ নাম তালিকা থেকে বাদ পড়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত বাদ পড়া নামের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭৬ লক্ষ।
এর মধ্যেই মঙ্গলবার রাতে কমিশনের ওয়েবসাইটে যান্ত্রিক ত্রুটির কারণে সব ভোটারকেই ‘বিবেচনাধীন’ হিসেবে দেখানোয় তীব্র উত্তেজনা ছড়ায়। উত্তরবঙ্গের নকশালবাড়ির সভা থেকে এই নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একে ‘বজ্জাতি’ বলে অভিহিত করে দাবি করেন, স্বয়ং তাঁর নামও নাকি সন্দেহের তালিকায় চলে গিয়েছিল। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, যাচাইয়ের আওতায় থাকা ২৭ লক্ষের মধ্যে ৮ লক্ষের নাম বাদ দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “অনলাইনে তালিকা থাকলেও সরকারি অফিসে কেন তার মুদ্রিত কপি (Physical Copy) টাঙানো হয়নি?”
তালিকায় নাম বাদ যাওয়া মানুষদের পাশে দাঁড়াতে বড় ঘোষণা করেছেন মমতা। তিনি জানান, যাঁদের নাম বাদ গিয়েছে তাঁদের জন্য বিশেষ ক্যাম্প করা হবে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হবে। “এসআইআর-এর বদলা হবে একটা করে ভোট”—এই স্লোগান তুলে তিনি ভোটারদের বুথ পাহারার ডাক দেন। অন্যদিকে, কমিশন জানিয়েছে প্রযুক্তিগত ত্রুটি মিটিয়ে নেওয়া হয়েছে। তবে এত বিপুল সংখ্যক নাম বাদ পড়ায় আসন্ন নির্বাচনে তার প্রভাব কী হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।