তৃণমূলে ব্রাত্য মনোজ তিওয়ারি! টিকিট না পেয়ে কি এবার পদ্ম শিবিরে নাম লেখাচ্ছেন লক্ষ্মীরতন-উত্তরসূরি?

২০২১ সালে প্র্যাকটিস সেশনের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন পেয়ে রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল তাঁর। বিধায়ক থেকে সরাসরি রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব— তৃণমূলের অন্দরে মনোজ তিওয়ারির উত্থান ছিল উল্কার গতিতে। কিন্তু ২০২৬-এর বিধানসভা নির্বাচনে সেই চেনা পিচেই কার্যত ‘বোল্ড’ হলেন বাংলার প্রাক্তন অধিনায়ক। শিবপুর কেন্দ্রে এবার আর টিকিট পাননি মনোজ; তাঁর বদলে দল ভরসা রেখেছে রানা চ্যাটার্জির ওপর। আর টিকিট হারাতই বিস্ফোরক মন্তব্য করে জল্পনা উসকে দিলেন খোদ তারকা ক্রিকেটার।
মনোজ স্পষ্ট জানিয়েছেন, টিকিট না পেয়ে তিনি ব্যথিত। তাঁর কথায়, “খারাপ তো লাগবেই। সাধারণ পরিবার থেকে এসে মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম।” তবে সবচেয়ে বড় ধামাকাটি তিনি দিয়েছেন দলবদল প্রসঙ্গে। মনোজ স্বীকার করেছেন যে, তাঁর কাছে অন্য দল থেকে প্রস্তাব রয়েছে। এমনকি বিজেপি তাঁকে প্রস্তাব দিয়েছে কি না, সেই প্রশ্নেও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন তিনি। মনোজের কথায়, “অফার আছে, তবে এখনও কিছু ঠিক করিনি। পরিবারের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”
তৃণমূল সূত্রের খবর, এলাকায় সময় না দেওয়া এবং স্থানীয় স্তরে ক্ষোভের কারণেই মনোজকে সরিয়ে বালির বিধায়ক রানা চ্যাটার্জিকে শিবপুরে আনা হয়েছে। অন্যদিকে, শিবপুরে বিজেপির হেভিওয়েট প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ। এই পরিস্থিতিতে মনোজ যদি সত্যিই দলবদল করেন, তবে হাওড়ার রাজনৈতিক সমীকরণ যে আমূল বদলে যাবে, তা বলাই বাহুল্য। এখন দেখার, ক্রিকেট মাঠের ‘ফিনিশার’ মনোজ রাজনীতির ময়দানে কোন দলের হয়ে ইনিংস শেষ করেন।