সরফরাজ সুযোগ না পাওয়ায়, প্রাক্তন ক্রিকেটাররা প্রশ্নের মুখে বোর্ড

ঘরোয়া ক্রিকেটে অন্যতম ধারাবাহিক ক্রিকেটার হলেন সরফরাজ খান। ওয়েস্ট ইন্ডিজ সফরে দল ঘোষণার পর থেকেই খবরে সরফরাজ খান। ক্যারিবিয়ানে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। সফর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। ভারতীয় দলের ব্যাটিং বিভাগের দুই তরুণ মুখ ঋতুরাজ গায়কোয়াড় ও যশস্বী জয়সওয়াল। আইপিএলের অনবদ্য পারফর্ম করেছেন দু-জনেই। ঋতুরাজ জাতীয় দলের হয়ে খেললেও টেস্টে এই প্রথম জায়গা পেয়েছেন। তাঁদের সঙ্গে আলোচনা হচ্ছে সরফরাজ খানকে নিয়ে। ঘরের ক্রিকেটে তার ধারাবাহিক পারফরম্যান্স সত্ত্বেও কেন তাকে টেস্ট দলে ডাকা হয়নি? এর নেপথ্যে নাকি রয়েছে শৃঙ্খলাজনিত কারণও।
ওয়েস্ট ইন্ডিজ ট্যুর টেস্ট দলে সরফরাজ খানের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের প্রাক্তন ক্রিকেটাররা। কিংবদন্তি সুনীল গাভাস্কার এই তালিকায় জায়গা করে নিয়েছেন। রঞ্জি ট্রফির শেষ তিন ম্যাচে মুম্বইয়ের ব্যাটসম্যান সরফরাজ খানের রান 2566। 209-20 মরসুমে 928 রান, 2022-23 মরসুমে 982 রান এবং গত মরসুমে 656 রান। লাল বলের ক্রিকেটে এত ভালো পারফরম্যান্সেও কেন সুযোগ মিলল না!
এই বিষয়ে বোর্ডের একজন মুখপাত্র বলেন, ‘ঝুরি ঝুরি রান করার পরও ওকে নেওয়া হচ্ছে না। কী মনে হয় নির্বাচকরা বোকা? এর একটা কারণ, ওর ফিটনেস। যা আন্তর্জাতিক স্তরের নয়। ওকে আরও পরিশ্রম করতে হবে। ওজন ঝরিয়ে আরও ফিট হয়ে ফিরতে হবে। ব্যাটিং পারফরম্যান্স দলে সুযোগ পাওয়ার একমাত্র শর্ত হতে পারে না।’ শুধুমাত্র ফিটনেসই নয় আরও কারণ রয়েছে বলেও জানালেন। বোর্ডের সেই কর্তা আরও বলেন, ‘মাঠ ও মাঠের বাইরে ওর আচরণ নিয়েও প্রশ্ন রয়েছে। কিছু অঙ্গভঙ্গী, মাঠের বাইরের কিছু ঘটনাও তার বিপক্ষে গিয়েছে। ওকে আরও শৃঙ্খলাপরায়ণ, অ্যাপ্রোচও ঠিক করতে হবে।’