এআই ডেটা সেন্টারে চিপের দাম আকাশছোঁয়া! ফ্ল্যাগশিপ স্মার্টফোনে কেন বড় ছাঁকা?

আপনি যদি নতুন প্রিমিয়াম স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তবে দেরি করলে খরচ বাড়তে পারে। বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এই বছরের শেষের মধ্যে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম ৩০ শতাংশের বেশি বেড়ে যেতে পারে।
এই মূল্যবৃদ্ধির পেছনে বড় কারণ হলো ডিআরএএম (DRAM) ও ন্যান্ড (NAND) মেমরি চিপের দাম বেড়ে যাওয়া। এআই ডেটা সেন্টারের ক্রমবর্ধমান চাহিদার জেরে মেমরি চিপের খরচ বাড়ছে, যা ফোনের মোট উৎপাদন খরচের বড় অংশ দখল করে নিচ্ছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের মতে, ২০২৫ সালের শুরুর দিকে যেখানে একটি ফোনের মোট খরচে মেমরির হিস্যা ছিল প্রায় ১৩ শতাংশ, বছরের শেষে তা বেড়ে ৪৩ শতাংশে পৌঁছাতে পারে।
অপো থেকে শুরু করে অ্যাপল, স্যামসাং ও শাওমির মতো বড় ব্র্যান্ডগুলোর ফ্ল্যাগশিপ ও প্রিমিয়াম ফোনের দামে ইতিমধ্যেই ঊর্ধ্বগতি দেখা গেছে বা বাড়ার চাপ তৈরি হয়েছে। ভারতের বাজারে প্রিমিয়াম ফোনের দাম ১ লক্ষ টাকার গণ্ডি ছাড়ানোর প্রবণতা বাড়ায় ক্রেতারা এখন ক্যামেরা, গতি, ব্যাটারি ও দীর্ঘমেয়াদি ব্যবহারের দিকে বেশি নজর দিচ্ছেন।