শিবজীর দিব্যি দিয়েও ধাক্কা! বিগ বস বাংলায় জিতু-সৌরভ কাণ্ডে তোলপাড়

বিগ বস বাংলার ঘরে ফের বড় বিতর্কে জড়ালেন জিতু কমল। টিকিট টু ফিনালে টাস্কে সৌরভ দাসকে হারিয়ে সরাসরি ফিনালেতে পৌঁছলেও, জয়ের কৌশল ও সৌরভের আহত হওয়ার ঘটনা নিয়ে ঘরের ভেতর ও বাইরে শুরু হয়েছে তীব্র আলোচনা। এর মাঝেই নাম না করে সোশ্যাল মিডিয়ায় জিতু কমলের প্রাক্তন স্ত্রী নবনীতা দাসের একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট নতুন করে জল্পনা বাড়িয়েছে।

জানা গেছে, জিতু ও সৌরভের জন্য ধৈর্যের এক বিশেষ টাস্ক ছিল, যেখানে দুজনকেই একটি রিক্সায় বসে থাকতে হতো এবং বাকি প্রতিযোগীদের লক্ষ্য ছিল তাঁদের নামানো। সেই সময় বরফ জল ও শেভিং ফোম ছোড়ার পাশাপাশি একপর্যায়ে সৌরভকে ধাক্কা মারেন জিতু। মুহূর্তের অসাবধানতায় রিক্সা থেকে পড়ে গিয়ে চোট পান সৌরভ এবং তাঁর চিকিৎসার প্রয়োজন হয়। টাস্কে জিতে টিকিট টু ফিনালে পেলেও এই ঘটনায় ঘরের কয়েকজন সদস্য ক্ষোভে ফেটে পড়েন এবং সোশ্যাল মিডিওয়ায় জিতুকে ঘিরে সমালোচনার ঝড় ওঠে।

টাস্ক শেষে দুর্নিবার, নিরঞ্জন ও রণিতাদের কাছে সৌরভ দাবি করেন, জিতু নাকি শিবজীর দিব্যি কেটে বলেছিলেন যে তিনি নিজেই আগে রিক্সা থেকে নেমে টাস্ক ছেড়ে দেবেন। সেই কথায় বিশ্বাস করলেও বারবার ধাক্কা সামলাতে না পেরে রিক্সার একাংশ ভেঙে পড়ে যান তিনি। শিবজীর নাম নিয়ে মিথ্যা বলার অভিযোগ ছড়িয়ে পড়তেই উত্তেজনা আরও বাড়ে।

ঠিক এই পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় নবনীতা দাস লেখেন, ‘ভণ্ডামির একটা লিমিট থাকে’। কারও নাম উল্লেখ না করলেও এই ঘটনার পর তাঁর পোস্ট ঘিরে নেটপাড়ায় জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *