“ভারতে ৫৫০ কর্মী ছাঁটাই”-AI ডেটা জায়ান্ট কোম্পানিতে চরম হাহাকার, জেনেনিন কেন?

টেক ও কর্পোরেট ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সেবাদাতা প্রতিষ্ঠান ইনোডাটা (Innodata) ভারতকে কেন্দ্র করে বড়সড় ছাঁটাইয়ের পদক্ষেপ নিয়েছে। কোনো রকম পূর্ব সতর্কবার্তা বা নোটিশ ছাড়াই সোমবার (২৬ অক্টোবর) ভারতে কাজ করা প্রায় ৫৫০ জন কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট সূত্রে জানা গিয়েছে। ভারত ছাড়াও ফিলিপাইনেও বহু কর্মী এই একই প্রক্রিয়ায় চাকরি হারিয়েছেন।

লগইন করতেই বন্ধ হল সিস্টেম, পার্সোনাল মেলে এল ছাঁটাইয়ের চিঠি!

চাকরি হারানো কর্মীদের অভিযোগ, ঘটনার দিন কর্মদিবসের শুরুতে তাঁরা স্বাভাবিক নিয়মে অফিসে লগইন করেছিলেন। কিন্তু আচমকা কিছুক্ষণের মধ্যেই তাঁদের কোম্পানির ল্যাপটপ, অফিসিয়াল আইডি এবং অভ্যন্তরীণ সিস্টেমে প্রবেশাধিকার (Access) বন্ধ করে দেওয়া হয়। এর কিছু পরেই কর্মীদের নিজস্ব ব্যক্তিগত ইমেইলে পাঠিয়ে দেওয়া হয় চাকরি অবসানের আনুষ্ঠানিক চিঠি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ ছড়িয়ে পড়া ইমেইলের স্ক্রিনশট অনুযায়ী, ব্যবসায়িক কাজের চাপ ও বড় কোনো প্রজেক্টের চাহিদা কমে যাওয়ার কারণেই পরিচালনগত প্রয়োজনে (Operational Requirement) কর্মীদের বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কারও ব্যক্তিগত কর্মদক্ষতার কোনো ত্রুটি ছিল না বলেই জানিয়েছে সংস্থাটি।

একই দিনে কাজ ও পদত্যাগ! চরম বিভ্রান্তিতে কর্মীরা

ছাঁটাইয়ের শিকার বেশ কয়েকজন কর্মীর দাবি, এইচআর (HR) পোর্টালে তাঁদের শেষ কর্মদিবস ও পদত্যাগের তারিখ ২৬ অক্টোবরই হিসেবে দেখানো হয়েছে। অথচ ওইদিন তারা সকালে সম্পূর্ণ স্বাভাবিকভাবেই কাজে যোগ দিয়েছিলেন। আচমকা এই ছাঁটাইয়ের মুখে পড়ে চূড়ান্ত পাওনা ও পরবর্তী পদক্ষেপ জানতে চরম বিভ্রান্তিতে পড়েন কর্মীরা।

ইমেইলে আরও জানানো হয়েছে, ল্যাপটপ সহ প্রতিষ্ঠানের সমস্ত সম্পদ ফেরত দেওয়ার পরই তাদের চূড়ান্ত হিসাব বা পাওনা মেটানো হবে। তবে এই ছাঁটাইয়ে ঠিক কতজন ভারতীয় কর্মী সরাসরি প্রভাবিত হয়েছেন, সেই বিষয়ে কোনো সরকারি পরিসংখ্যান বা সংখ্যা প্রকাশ করেনি ইনোডাটা।

প্রভাব পড়েছে ফিলিপাইনেও:

ইনোডাটার এই ছাঁটাই প্রক্রিয়ার প্রভাব কেবল ভারতেই সীমাবদ্ধ থাকেনি। ফিলিপাইনেও রেটার, কোয়ালিটি স্পেশালিস্ট, টিম লিডার থেকে শুরু করে পদস্থ ম্যানেজাররাও চাকরি খুইয়েছেন। বিশেষজ্ঞদের ধারণা, বড় কোনো আন্তর্জাতিক ক্লায়েন্টের কাছ থেকে কাজের অর্ডার কমে যাওয়ার কারণেই এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মার্কিন সংস্থাটি।

কী করে এই ইনোডাটা?

১৯৮৮ সালে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এই তথ্য-প্রযুক্তি সংস্থাটি মূলত টেক জায়ান্টদের ডেটা ইঞ্জিনিয়ারিং ও এআই (AI) ট্রেনিং সার্ভিস দিয়ে থাকে। এদের গ্রাহক তালিকায় রয়েছে গুগল, মাইক্রোসফট, অ্যাপল, অ্যামাজন, সোনি, ডেলয়েটের মতো বিশ্বের শীর্ষসারির সব টেক জায়ান্ট। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে সংস্থাটির ১০,১০৭ জনের বেশি কর্মী কর্মরত ছিলেন।

হঠাৎ কোনো আগাম নোটিশ ছাড়াই এই বিপুল কর্মী ছাঁটাইয়ের ঘটনায় ভারত ও বিশ্ব আইটি বাজারে জোর চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *