AC-সারারাত চালালে যেসব ভুল করবেন না, জেনেনিয়ে থাকুন সতর্ক

গ্রীষ্মের দাবদাহে স্বস্তি পেতে অনেকেই রাতে ঘুমানোর সময় ঘণ্টার পর ঘণ্টা এসি চালিয়ে রাখেন। তবে সারারাত এসি চালালে যন্ত্রটি দ্রুত নষ্ট হয়ে যাবে কি না বা বিদ্যুতের বিল আকাশচুম্বী হবে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মনে নানা দুশ্চিন্তা কাজ করে। বিশেষজ্ঞদের মতে, শুধু দীর্ঘ সময় এসি চালানোই বড় সমস্যা নয়; বরং এর রক্ষণাবেক্ষণে অবহেলা, অতিরিক্ত কম তাপমাত্রা নির্ধারণ এবং অপরিষ্কার ফিল্টারের মতো বিষয়গুলোই যন্ত্রের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে।

রাতের বেলা বাইরের তাপমাত্রা সাধারণত কিছুটা কম থাকে। ফলে ঘর ঠান্ডা রাখতে এসিকে দিনের মতো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয় না। তাই শুধু সারারাত চালু থাকার কারণে এসি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে না। তবে যন্ত্রটি দীর্ঘদিন সুস্থ রাখতে কয়েকটি বিষয়ের প্রতি বিশেষ নজর দেওয়া জরুরি। এসির ফিল্টারে নিয়মিত ধুলো জমে বাতাস চলাচলে বাধা সৃষ্টি করে, যার ফলে কম্প্রেসারের ওপর চাপ বাড়ে এবং বিদ্যুৎ খরচ অনেকটাই বেড়ে যায়। এছাড়া ঘর দ্রুত ঠান্ডা করার আশায় অনেকেই তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসে সেট করেন, যা সম্পূর্ণ ভুল একটি ধারণা। এর ফলে এসির ওপর অপ্রয়োজনীয় চাপ পড়ে এবং মাসের শেষে মোটা অঙ্কের ইলেকট্রিক বিলের বোঝা ঘাড়ে চাপে।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, আরামদায়ক পরিবেশ এবং বিদ্যুৎ সাশ্রয়ের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে এসির তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসে সেট করা সবচেয়ে আদর্শ। পাশাপাশি, নিয়মিত ফিল্টার পরিষ্কার রাখা, নির্দিষ্ট সময় অন্তর দক্ষ প্রযুক্তি দিয়ে সার্ভিসিং করানো এবং ওয়্যারিং বা বৈদ্যুতিক সংযোগ ঠিক আছে কি না তা খেয়াল রাখলে এসি দীর্ঘস্থায়ী হয় এবং বিদ্যুৎ খরচও নিয়ন্ত্রণে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *