জ্যাকি চ্যানের ১০ কোটি টাকার ঘড়িতে কী আছে? কেন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে?

চলচ্চিত্রের পর্দায় অ্যাকশন ও দুর্দান্ত স্টান্টের জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন কিংবদন্তি অভিনেতা জ্যাকি চ্যান। তবে এবার অভিনয় নয়, বরং তাঁর হাতে থাকা একটি বিলাসবহুল ঘড়িকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল চর্চা। প্রায় ৯ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের এই ঘড়িটির সবচেয়ে চমকে দেওয়ার মতো বৈশিষ্ট্য হলো এর অবিশ্বাস্য পাতলা গঠন, যার পুরুত্ব মাত্র ১.৭৫ মিলিমিটার—যা প্রায় একটি ১ টাকার কয়েনের পুরুত্বের কাছাকাছি।
জ্যাকি চ্যানের হাতে দেখা যাওয়া এই মহার্ঘ টাইমপিসটি হলো ‘রিচার্ড মিল আরএম ইউপি-০১ ফেরারি’ (Richard Mille RM UP-01 Ferrari)। বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক সংস্থা ফেরারির সঙ্গে যৌথ অংশীদারত্বে তৈরি এই ঘড়িটিতে রয়েছে ফেরারির পরিচিত দৌড়ানোর ঘোড়ার প্রতীক, যা এর স্পোর্টি ও প্রিমিয়াম লুককে আরও বাড়িয়ে দিয়েছে। অত্যন্ত পাতলা নকশা এবং সীমিত উৎপাদনের কারণেই ঘড়িটি বিশ্বের সবচেয়ে দামি ও অনন্য ঘড়িগুলির তালিকায় আলাদা জায়গা করে নিয়েছে।
ঘড়িটিকে এত পাতলা করতে গিয়ে নির্মাতাদের কঠিন প্রকৌশলগত চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। ১.৭৫ মিলিমিটার পুরুত্বের এই ঘড়ির ভেতরে জটিল যান্ত্রিক মুভমেন্ট নিখুঁতভাবে সেট করা হয়েছে। কেস তৈরিতে ব্যবহার করা হয়েছে গ্রেড ৫ টাইটানিয়াম ধাতু, যা ওজনে হালকা হলেও অত্যন্ত শক্তিশালী ও টেকসই। রিচার্ড মিলের নিজস্ব মুভমেন্ট বিভাগে প্রায় এক মাইক্রন পর্যন্ত নিখুঁত সূক্ষ্ম মেশিনিংয়ের মাধ্যমে এর ক্ষুদ্র যন্ত্রাংশগুলি তৈরি করা হয়েছে।
বিশ্বজুড়ে এই মডেলের মাত্র ১৫০টি ইউনিট তৈরি করা হয়েছে। প্রায় ১০ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৫৭ লাখ টাকার এই ঘড়িটি নিছক সময় দেখার যন্ত্র নয়, বরং ক্ষুদ্র পরিসরে অবিশ্বাস্য প্রকৌশল ও চরম বিলাসিতার এক বিরল নিদর্শন।