চার্জার কি সবসময় ‘প্লাগড ইন’ রাখা ভালো? জেনেনিন সঠিক নিয়ম?

আজকাল আমাদের জীবনে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ এবং ই-বাইকের মতো চার্জার-নির্ভর ইলেকট্রনিক ডিভাইস অপরিহার্য হয়ে উঠেছে। অনেকেই চার্জার ব্যবহার না করার পরও তা প্লাগে লাগিয়ে রাখেন। কিন্তু এমনটা করা কি নিরাপদ? আর এতে কি বিদ্যুতের খরচ বাড়ে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের পাওয়ার ইলেকট্রনিক্স বিভাগের শিক্ষক গ্লেন ফারিভার।

চার্জার কেন প্লাগ ইন করে রাখা উচিত নয়?

১. বিদ্যুৎ অপচয়: যখন চার্জার কোনো ডিভাইসের সঙ্গে সংযুক্ত থাকে না, তখনও এটি সামান্য পরিমাণে বিদ্যুৎ খরচ করে। একে ‘ভ্যাম্পায়ার পাওয়ার’ বলা হয়। এই বিদ্যুৎ চার্জারের অভ্যন্তরীণ সার্কিটকে সচল রাখে এবং তাপ উৎপন্ন করে নষ্ট হয়। একটি চার্জারে এই অপচয় সামান্য হলেও, যদি বাড়ির সব চার্জার একসঙ্গে প্লাগ ইন করে রাখা হয়, তাহলে বছরের শেষে বিদ্যুতের বিল যথেষ্ট বাড়তে পারে।

২. ক্ষতির ঝুঁকি: বিদ্যুৎ গ্রিডে ভোল্টেজের ওঠানামা একটি সাধারণ ঘটনা। চার্জার সব সময় প্লাগ ইন করে রাখলে তা এই ভোল্টেজ পরিবর্তনের শিকার হয়, যা এর আয়ু কমিয়ে দেয়। আধুনিক চার্জারগুলো উন্নত সুরক্ষা ব্যবস্থার কারণে তুলনামূলকভাবে নিরাপদ হলেও, কম দামি এবং নকল চার্জার ব্যবহারের ক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি। এসব চার্জারে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা না থাকায় শর্ট সার্কিট এবং আগুন লাগার মতো দুর্ঘটনা ঘটতে পারে।

৩. চার্জারের কার্যকারিতা: প্রতিটি চার্জার প্লাগ থেকে আসা এসি (অল্টারনেটিং কারেন্ট) বিদ্যুৎকে ডিভাইসের জন্য উপযোগী ডিসি (ডাইরেক্ট কারেন্ট) বিদ্যুতে রূপান্তর করে। এই রূপান্তর প্রক্রিয়াটি চার্জারের ভেতরে থাকা ট্রান্সফর্মার এবং সার্কিটের মাধ্যমে সম্পন্ন হয়। একটি চার্জার ব্যবহার না করেও যখন প্লাগ ইন করে রাখা হয়, তখন এটি অভ্যন্তরীণভাবে এই প্রক্রিয়া চালু রাখে, যা চার্জারের দীর্ঘমেয়াদি কার্যকারিতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সবশেষে, যদিও আধুনিক চার্জারগুলো অনেকটাই নিরাপদ, তবুও অপ্রয়োজনে সেগুলো প্লাগ থেকে খুলে রাখাই বুদ্ধিমানের কাজ। যদি আপনার কোনো চার্জার অস্বাভাবিকভাবে গরম হয়, শব্দ করে বা দেখতে ক্ষতিগ্রস্ত মনে হয়, তাহলে অবিলম্বে সেটি ব্যবহার করা বন্ধ করুন এবং বদলে ফেলুন।