WhatsApp: মেসেজিং শুধু নয়, এবার সিনেমায় নামলো হোয়াটসঅ্যাপ

সারাদিন চ্যাট করে ক্লান্ত? তাই এবার সিনেমা নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ! খুব শিগগিরই ব্যবহারকারীদের কাছে নতুন অরিজিনাল শর্ট ফিল্ম হাজির করতে চলেছে হোয়াটসঅ্যাপ। এই স্বল্প দৈর্ঘ্যের ছবি প্রকাশ পাবে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং ইউটিউবে।
এরই মধ্যে এই সিনেমার ট্রেলার প্রকাশ করে ফেলেছে হোয়াটসঅ্যাপ। এই ছবির নাম ‘নাইজা ওডিসি’। চলতি সপ্তাহের শুরুতে ট্রেলারটি মুক্তি পেয়েছে। আর ছবিটি মুক্তি পাবে আগামী ২১ সেপ্টেম্বর।
বাস্কেটবল খেলোয়াড় এবং এনবিএ তারকা জিয়ানিস আন্তেটোকাউনম্পোর জীবনী নিয়ে তৈরি হয়েছে এই ছবি। এই সিনেমার সময়সীমা ১২ মিনিট।
টেক সংবাদ মাধ্যম দ্য ভার্জ এর রিপোর্ট অনুযায়ী, জিয়ানিস আন্তেটোকাউনম্পোর চলতি বছর ফেব্রুয়ারিতে হোয়াটসঅ্যাপের সঙ্গে একটি অনুমোদন চুক্তি স্বাক্ষর করে; যা তাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রথম ব্র্যান্ডের মুখপাত্র করে তোলে। বর্তমানে খুব কম সোশ্যাল মিডিয়া/টেক সংস্থা রয়েছে যারা সিনেমা ব্যবসায় নেমেছে। এই পদক্ষেপ ইঙ্গিত দেয় যে হোয়াটসঅ্যাপ শুধু মেসেজিংয়ে নয়, অন্যান্য বিষয়ের উপরও নিজেদের আগ্রহ বিস্তার করছে।
এই প্রসঙ্গে হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র জানান, ‘নাইজা ওডিসি’ হল এমন একটি গল্প যা আমাদের বহুমুখী জীবনকে আলিঙ্গন করতে সাহায্য করে। সম্পর্ক, পরিচয় এবং এমনকি প্রতিকূলতার মধ্যেও হোয়াটসঅ্যাপ আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সংযুক্ত করে আপনার সমস্ত দৃষ্টিভঙ্গির সাথে আলিঙ্গন করার পথ দেখায়।