AC-বৃষ্টিতে ঘামলে বা জল পড়লে যা করবেন, জেনেনিন কিছু সহজ উপায়

বৃষ্টির দিনে ঘরে এসি চালালে হঠাৎ জল পড়া বা দেয়াল বেয়ে জল গড়িয়ে পড়ার ঘটনা অনেকেরই চোখে পড়ে। এটা কেবল অস্বস্তিকরই নয়, বরং ঘরের আসবাবপত্র ও দেয়ালের জন্যও ক্ষতিকর হতে পারে। এই সমস্যা কেন হয় এবং এর সমাধান কী, তা নিয়ে বিস্তারিত তথ্য নিয়ে এসেছে পূর্ব রেলওয়ে।
কেন এমনটা হয়?
বৃষ্টির সময় বাতাসে আর্দ্রতা অনেক বেশি থাকে, যার কারণে এসি থেকে জল পড়ার প্রবণতা বেড়ে যায়। এর পেছনে কয়েকটি সাধারণ কারণ রয়েছে:
১. কনডেনসেট ড্রেন ব্লক হওয়া: এসি যখন বাতাস ঠান্ডা করে, তখন বাতাসের আর্দ্রতা জলে পরিণত হয়ে ড্রেন পাইপ দিয়ে বেরিয়ে যায়। যদি এই পাইপে ময়লা, শেওলা বা ধুলা জমে যায়, তাহলে জল আটকে গিয়ে ইউনিট থেকে পড়তে শুরু করে।
২. ইনডোর ইউনিটের ইনসুলেশন নষ্ট হওয়া: ইনডোর ইউনিটের তাপ প্রতিরোধক স্তর (ইনসুলেশন) ক্ষতিগ্রস্ত হলে ঠান্ডা পাইপের বাইরের অংশে আর্দ্রতা জমে ঘাম হয়, বিশেষ করে যখন বাতাসে আর্দ্রতা বেশি থাকে।
৩. এয়ার ফিল্টার ব্লক হওয়া: এসির ফিল্টার ময়লা বা ধুলায় বন্ধ হয়ে গেলে বায়ুপ্রবাহ ব্যাহত হয়। এতে কুলিং কয়েল অতিরিক্ত ঠান্ডা হয়ে বরফ জমতে পারে, যা পরে গলে জল চুঁইয়ে পড়ে।
৪. ফ্রিওন বা গ্যাস সমস্যা: এসিতে গ্যাসের পরিমাণ অতিরিক্ত বা অপর্যাপ্ত থাকলে ভেতরের তাপমাত্রা ভারসাম্যহীন হয়ে পড়ে। এতে কয়েলে বরফ জমে গলে জল পড়তে পারে।
৫. ভুল ইনস্টলেশন: ইনডোর ইউনিট যদি সঠিক ঢাল বা কাত দিয়ে ইনস্টল না হয়, তাহলে জল সঠিকভাবে ড্রেন লাইনে যেতে পারে না এবং ইউনিট থেকে চুঁইয়ে পড়ে।
সমাধান ও প্রতিকার কী?
এই সমস্যা এড়াতে কিছু সহজ রক্ষণাবেক্ষণ ও সতর্কতা অবলম্বন করা যেতে পারে:
১. ড্রেন লাইন পরিষ্কার করুন: প্রতি গ্রীষ্ম মৌসুম শুরুর আগে এবং মাঝে অন্তত একবার ড্রেন পাইপ পরিষ্কার করুন। প্রয়োজনে একজন টেকনিশিয়ানের সাহায্য নিন।
২. ইনসুলেশন পরীক্ষা করুন: ঠান্ডা পাইপের চারপাশে রাবার বা ফোম ইনসুলেশন ঠিক আছে কিনা দেখুন। যদি ক্ষতিগ্রস্ত হয়, তবে নতুন ইনসুলেশন লাগান।
৩. এয়ার ফিল্টার নিয়মিত পরিষ্কার করুন: প্রতি ১৫-৩০ দিন অন্তর ফিল্টার পরিষ্কার রাখা জরুরি। এতে বায়ুপ্রবাহ ঠিক থাকবে এবং বরফ জমার প্রবণতা কমবে।
৪. গ্যাস প্রেসার পরীক্ষা করান: ফ্রিওন বা গ্যাসের চাপ ঠিক আছে কিনা, তা একজন অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করান।
৫. ইনস্টলেশনের ঢাল ঠিক আছে কিনা দেখুন: ইনডোর ইউনিট সামান্য সামনের দিকে ঝুঁকে থাকতে হবে, যাতে জল সঠিকভাবে ড্রেন হয়।
৬. রুমে হিউমিডিটি নিয়ন্ত্রণ করুন: রুমে আর্দ্রতা কমাতে ডিহিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন, অথবা মাঝে মাঝে রুমের জানালা খুলে বাতাস চলাচল করতে দিন।
৭. পেশাদার সহায়তা নিন: যদি উপরের সমাধানগুলো করেও সমস্যা না মেটে, বা দেখেন এসি বন্ধ করার পরেও জল ঝরছে, অথবা ইনডোর ইউনিটের চারপাশে দেয়াল ভিজে যাচ্ছে, তাহলে দেরি না করে একজন পেশাদার এসি টেকনিশিয়ানের সাহায্য নিন।
সময়মতো সঠিক পদক্ষেপ নিলে আপনার এসি সুস্থ থাকবে এবং ঘরও ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।