Gemeni: অ্যান্ড্রয়েডে বিনামূল্যে লাইভ জেমিনাই ভিডিও,করা যাবে স্ক্রিন শেয়ারিংও

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুখবর! গুগল তাদের জেমিনাই অ্যাপের লাইভ ভিডিও ও স্ক্রিন শেয়ারিং ফিচার বিনামূল্যে ব্যবহারের সুযোগ করে দিয়েছে। সম্প্রতি ফিচারগুলো উন্মোচনের কয়েক সপ্তাহ পরই এই ঘোষণা এলো।
প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট এক প্রতিবেদনে জানিয়েছে, পিক্সেল ৯ এবং স্যামসাং গ্যালাক্সি এস ২৫ স্মার্টফোন ব্যবহারকারী এবং জেমিনাই অ্যাপ ব্যবহারকারী অন্যান্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও এখন ‘গুগল ওয়ান এআই প্রিমিয়াম’ প্ল্যানের বাইরে এই সুবিধাগুলো উপভোগ করতে পারবেন।
গুগল তাদের এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানিয়েছে, ব্যবহারকারীদের কাছ থেকে “ভালো সাড়া” পাওয়ায় তারা এই ফিচারগুলো “আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে” উৎসাহিত হয়েছে।
জেমিনাইয়ের লাইভ ভিডিও ও স্ক্রিন শেয়ারিং ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ডিভাইসের স্ক্রিনে থাকা অথবা সরাসরি ক্যামেরার সামনে থাকা যেকোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন। উদাহরণস্বরূপ, কোনো পোশাকের ছবি তুলে তার উপাদান সম্পর্কে জানা যাবে অথবা ইন্টারনেটে খুঁজে পাওয়া কোনো শব্দ বা বিষয় সম্পর্কে জেমিনাইয়ের কাছে প্রশ্ন করা যাবে।
We’ve been hearing great feedback on Gemini Live with camera and screen share, so we decided to bring it to more people ✨
Starting today and over the coming weeks, we’re rolling it out to *all* @Android users with the Gemini app. Enjoy!
PS If you don’t have the app yet,… https://t.co/dTsxLZLxNI
— Google Gemini App (@GeminiApp) April 16, 2025
মার্কিন এই সার্চ জায়ান্ট জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে জেমিনাই অ্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ সমস্ত অ্যান্ড্রয়েড ডিভাইসে এই ফিচারগুলো চালু করা হবে।
কোম্পানির একজন মুখপাত্র জানিয়েছেন, এই ফিচারগুলো ২ জিবি বা তার বেশি র্যামযুক্ত অ্যান্ড্রয়েড ১০ এবং তার পরবর্তী সংস্করণের ডিভাইসগুলোতে ব্যবহার করা যাবে। এর ফলে বিপুল সংখ্যক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী উন্নত এই ফিচারগুলো বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাবেন।