শর্টসের ‍ভিউ-সংখ্যা গণনায় যে পরিবর্তন আনছে ইউটিউব, জেনেনিন বিস্তারিত

ইউটিউবেও ছোট দৈর্ঘ্যের ভিডিও ‘শর্টস’ ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। কনটেন্ট ক্রিয়েটররা এখন শর্টস তৈরিতে বেশি আগ্রহ দেখাচ্ছেন। এরই মধ্যে গত বুধবার ইউটিউব ঘোষণা করেছে, শর্টস ভিডিওর ভিউ গণনা পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে। এই নতুন পদ্ধতি ক্রিয়েটরদের তাঁদের ভিডিওর পারফরম্যান্স আরও স্পষ্টভাবে বুঝতে সাহায্য করবে।

নতুন নিয়মে, এখন থেকে প্রতিবার কোনো শর্ট ভিডিও শুরু হবে বা পুনরায় প্লে হবে, তখনই তা একটি ভিউ হিসেবে গণনা করা হবে। পূর্বে, কয়েক সেকেন্ড দেখলেই একটি শর্টস ভিডিওর ভিউ গণনা হতো। এই পরিবর্তনের জন্য ভবিষ্যতে ভিউয়ের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে জানিয়েছে ইউটিউব।

ইউটিউবের পক্ষ থেকে বলা হয়েছে, এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো ক্রিয়েটরদের চাহিদা পূরণ। তাঁরা দীর্ঘদিন ধরে শর্টস ভিডিওর সঠিক ও বিস্তারিত পরিসংখ্যান জানতে চেয়েছিলেন। নতুন পদ্ধতিতে তাঁরা সহজেই বুঝতে পারবেন তাঁদের ভিডিও কতবার দেখা হয়েছে। এটি ক্রিয়েটরদের কনটেন্ট তৈরির কৌশল ঠিক করতে এবং ব্র্যান্ডের কাছে তাঁদের কাজের প্রভাব ভালোভাবে তুলে ধরতে সহায়ক হবে।

এই আপডেটের ফলে ইউটিউব শর্টস-এর ভিউ গণনা পদ্ধতি টিকটক ও ইনস্টাগ্রাম রিলসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এই প্ল্যাটফর্মগুলোতেও ভিডিও শুরু বা পুনরায় প্লে হওয়ার সংখ্যার ভিত্তিতে ভিউ গণনা করা হয়। ফলে ক্রিয়েটররা এখন বিভিন্ন প্ল্যাটফর্মে তাঁদের ছোট ভিডিওর পারফরম্যান্স সহজে তুলনা করতে পারবেন।

যাঁরা পুরোনো ভিউ গণনা পদ্ধতি দেখতে চান, তাঁদের জন্য ইউটিউব অ্যানালিটিকসে ‘অ্যাডভান্সড মোড’ ব্যবহারের সুযোগ থাকছে। এটি এখন ‘এনগেজড ভিউস’ নামে পরিচিত। এই ব্যবস্থায় কতজন দর্শক শর্টস ভিডিও পুরোপুরি দেখেছেন, তা বিশ্লেষণ করা যাবে।

ইউটিউব আরও জানিয়েছে, এই পরিবর্তন ক্রিয়েটরদের উপার্জন বা ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ্যতার ওপর কোনো প্রভাব ফেলবে না। এই দুটি বিষয় এখনো ‘এনগেজড ভিউস’-এর ওপর নির্ভর করবে। অর্থাৎ, দর্শকদের পূর্ণ মনোযোগ এবং ভিডিওর প্রতি তাঁদের সম্পৃক্ততাই উপার্জনের মূল মাপকাঠি থাকবে।

এই নতুন গণনা পদ্ধতি আগামী ৩১ মার্চ থেকে কার্যকর হবে। ইউটিউবের এই পদক্ষেপ শর্টস ক্রিয়েটরদের আরও স্বচ্ছতা দেবে এবং তাঁদের কাজের প্রভাব বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।