গৃহ পরিচারিকা অভাবে বাসন মেজে হাতের দফারফা? রইল নরম ত্বক পাবার দারুন কিছু টিপস

হাতের চামড়া হয়ে যাচ্ছে খসখসে। আবার কারও হাত চুলকোচ্ছে। কারও হাতে বেরচ্ছে দানা দানা বস্তু। এছাড়াও কারও কারও হাতের চামড়াও ফেটে যাচ্ছে। হাতে লেগে যাচ্ছে হলুদের দাগও। কিছু নিয়ম মেনে চললে এই সমস্যাগুলি থেকে মিলতে পারে মুক্তি।
১. কী ধরনের সাবান ব্যবহার করছেন সেদিকে আগে নজর দিন। একেবারে সামান্য পরিমাণ ক্ষার মেশানো সাবান বাসন মাজার জন্য ব্যবহার করুন। পারলে লিক্যুইড সাবান ব্যবহার করুন। স্পঞ্জ দিয়ে বাসন মাজুন। বাসন মাজার পর স্পঞ্জ জল দিয়ে ধুয়ে রাখুন। নোংরা মাখা স্পঞ্জ ব্যবহারেও হাতের ক্ষতি হতে পারে।
২. সাবান বদলের পরেও লাভ কিছু না হলে গ্লাভস ব্যবহার করতে পারেন। প্লাস্টিকের গ্লাভস পরে বাসন মাজলে হাতের কোনও ক্ষতি হবে না। এর মতো স্বাস্থ্যসম্মত পদ্ধতি আর কিছুই হতে পারে না। তাছাড়া সরাসরি থালায় হাত দেওয়ার ফলে কোনওভাবে জীবাণু সংক্রমণের আশঙ্কাও তৈরি হবে না। তবে গ্লাভসের ভিতরে যাতে কোনওভাবে জল না জমে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তাই বাসন মাজা হয়ে গেলে গ্লাভস ভাল করে শুকিয়ে নিন।
৩. আপনার কি গরম জলে বাসন মাজার অভ্যাস রয়েছে? তবে সেই অভ্যাস আজই বদলান। কারণ, গরম জল হাতের স্বাভাবিক আর্দ্রতা কেড়ে নেয়। তাই স্বাভাবিকভাবেই আপনার ত্বক হয়ে যায় খসখসে। মসৃণ ত্বক পেতে তাই গরম জলের ব্যবহার বাদ দিন।
৪.আবারও একইরকম নরম হাত পাওয়ার জন্য ঘুমোতে যাওয়ার আগে হাতে ক্রিম মাখুন। নারকেল তেল কিংবা আমন্ড অয়েলও হাতে মাখতে পারেন। তাতেই দেখবেন লকডাউনে বারবার বাসন মাজার পরে আপনার হাত থাকবে আগের মতোই নরম।