‘ধুরন্ধর’-এর পর যশরাজের মিউজিক্যাল লাভ স্টোরিতে সারা অর্জুন! নায়ক কে?

কেরিয়ারের শুরুটা হয়েছিল চাইল্ড আর্টিস্ট হিসেবে। তবে গত বছর নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেই প্রথম ছবিতে বাজিমাত করেছেন সারা অর্জুন। ‘ধুরন্ধর’ ছবিতে রণবীর সিংয়ের বিপরীতে মুখ্য মহিলা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি; তাঁর অভিনীত ‘ইয়ালিনি’ চরিত্রটি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। এবার ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির বিপুল বক্স অফিস সাফল্যের পর নতুন কাজ নিয়ে ফিরতে চলেছেন সারা অর্জুন।
জানা গিয়েছে, যশরাজ ফিল্মসের প্রযোজনায় একটি মিউজিক্যাল লাভ স্টোরিতে কাজ করতে চলেছেন সারা। ছবিটি পরিচালনা করবেন মণীশ শর্মা। এই রোমান্টিক ছবিতে নায়িকার ভূমিকায় দেখা যাবে সারা অর্জুনকে, আর তাঁর বিপরীতে নায়ক হিসেবে থাকতে পারেন কে—তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।
সূত্রের খবর, মণীশ শর্মা পরিচালিত এই লাভ স্টোরিতে সারা অর্জুনের বিপরীতে নায়কের ভূমিকায় দেখা যেতে পারে অম্বরীশ ভার্মাকে, যিনি ‘স্বপ্নে ভার্সেস এভরিওয়ান’ ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন। ২০২৭ সাল থেকে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা এবং শুটিং চলবে পাঞ্জাবে।
জানা গিয়েছে, সারা অর্জুন ও অম্বরীশ ভার্মা অভিনীত এই মিউজিক্যাল রোমান্টিক ড্রামায় মোট ৮টি গান থাকবে এবং গোটা গল্পে গানের বড় ভূমিকা থাকতে চলেছে। যদিও যশরাজ ফিল্মসের তরফে এখনও এই ছবির বিষয়ে কিংবা মুখ্য অভিনেতাদের নাম নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। আপাতত ছবিটির প্রিপ্রোডাকশনের কাজ চলছে।
মণীশ শর্মা বলিউডের পরিচিত পরিচালক। অতীতে তিনি ‘ব্যান্ড বাজা বরাত’ এবং ‘শুদ্ধ দেশি রোম্যান্স’-এর মতো লাভ স্টোরি দর্শকদের উপহার দিয়েছেন। তাঁর পরিচালনায় সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘টাইগার ৩’ (২০২৩), যেখানে অভিনয় করেছিলেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ। ফলে অ্যাকশন ঘরানা থেকে তিনি ফের রোমান্টিক ঘরানায় ফিরতে চলেছেন বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে বড়পর্দায় মুক্তি পায় ‘ধুরন্ধর’ এবং তা বক্স অফিসে ব্যাপক সাড়া তোলে। এরপর ২০২৬ সালের মার্চে মুক্তি পায় ‘ধুরন্ধর ২’, যা জনপ্রিয়তা ও ব্যবসার নিরিখে প্রথম ভাগকেও ছাপিয়ে যায়। নায়িকা হিসেবে সারা অর্জুন অভিনীত এই ফ্র্যাঞ্চাইজিটি বক্স অফিসে ৩০০০ কোটি টাকার ব্যবসা করেছে।