ছটপুজোর সিঁদুর নিয়ে কুরুচিকর রসিকতা! সাইবার থানায় মামলা, ক্ষমা চাইলেন যশ

সম্প্রতি বিহারী মহিলাদের নিয়ে আলটপকা মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন জনপ্রিয় কমেডিয়ান যশ মাহেশ্বরী। ছটপুজোর সময় তাঁরা নাক থেকে টেনে লম্বাভাবে যে সিঁদুর পরেন, তা নিয়েই যৌনগন্ধী রসিকতা করেন তিনি। এই মন্তব্যের পর থেকেই শুরু হয় তীব্র বিতর্ক। এবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করল পাটনা পুলিশ।

কী মন্তব্য করেছিলেন যশ? এই স্ট্যান্ডআপ কমেডিয়ান ছটপুজোর সময় বিহারী মহিলারা যেভাবে লম্বা করে সিঁদুর পরেন, সেটার সঙ্গে হরিয়ানার পুরুষদের পুরুষাঙ্গের তুলনা টানেন। তবে তাঁর এই রসিকতা নেটপাড়া মোটেই ভালোভাবে নেয়নি। অনেকেই সামাজিক মাধ্যমে প্রতিবাদে সরব হন এবং তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন। এরপর ২৪ নভেম্বর, মঙ্গলবার পাটনা পুলিশের তরফে কমেডিয়ানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। বর্তমানে বিষয়টি পাটনা সাইবার পুলিশ স্টেশনের তরফে তদন্ত করে দেখা হচ্ছে।

কোন কোন ধারায় মামলা? পাটনা পুলিশের তরফে জানানো হয়েছে, তাঁর এই মন্তব্য বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সমস্যা তৈরি করতে পারে, সামাজিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ নষ্ট করতে পারে। সেই কারণে যশ মাহেশ্বরীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৫ (১), ৭৯, ৩৫১, ৩৫২ ধারার পাশাপাশি আইটি অ্যাক্টের ৬৬ (সি) এবং ৬৬ (ডি) ধারায় মামলা রুজু করা হয়েছে।

পাটনা সাইবার ক্রাইমের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতিও দেওয়া হয়েছে। তবে পুলিশের তরফে এফআইআর দায়েরের কথা জানানো হলেও নেটপাড়ার একাংশের প্রতিক্রিয়ায় স্পষ্ট যে তাঁরা এই পদক্ষেপে সন্তুষ্ট নন। অনেকেরই দাবি, যশ মাহেশ্বরীর বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়া হোক এবং তাঁকে গ্রেপ্তার করা হোক।

ইউটিউবে ক্ষমা প্রার্থনা অন্যদিকে, এই বিতর্কের মাঝেই যশ মাহেশ্বরী ইউটিউবে একটি ভিডিও পোস্ট করে ক্ষমা চেয়েছেন। সেখানে তিনি জানান, বিহারী মহিলা বা তাঁদের সংস্কৃতি নিয়ে এমন মন্তব্য করা তাঁর উচিত হয়নি। নিজের ভুল স্বীকার করে নিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এই কমেডিয়ান।

জানা গিয়েছে, যশ মাহেশ্বরী জয়পুরের বাসিন্দা হলেও বর্তমানে দিল্লিতে থাকেন। গত ৯ বছর ধরে তিনি স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে কাজ করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *