২৮ বছরে ৬৫ বছরের বৃদ্ধ! মহেশ ভাটের হাত ধরে শুরু, আজ ‘রামায়ণ’-এ কোন ঐতিহাসিক ভূমিকায় অনুপম খের?

২৮ বছর বয়সে ৬৫ বছরের এক বৃদ্ধের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড়পর্দায় পা রেখেছিলেন তিনি। আর আজ, চার দশকেরও বেশি দীর্ঘ পথচলা পেরিয়ে সেই অনুপম খের যুক্ত হয়েছেন নীতেশ তিওয়ারির মেগা বাজেট ছবি ‘রামায়ণ’-এর সঙ্গে—যেখানে জটায়ুর চরিত্রে কণ্ঠ দিয়েছেন তিনি। অভিনেতার এই অভাবনীয় ও দীর্ঘ কেরিয়ার সফর ফিরে দেখে তাঁকে একটি অত্যন্ত আবেগঘন চিঠি লিখেছেন পরিচালক মহেশ ভাট।
১৯৮৪ সালে মহেশ ভাট পরিচালিত ‘সারাংশ’ ছবির মাধ্যমেই হিন্দি সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন অনুপম খের। অনুপমের এই দীর্ঘ সফর প্রসঙ্গে মহেশ ভাট তাঁর চিঠিতে লিখেছেন, ‘সারাংশ’-এর ‘বি ভি প্রধান’ থেকে শুরু করে ‘রামায়ণ’-এর ‘জটায়ু’—কী দুর্দান্ত এবং দীর্ঘ এক পথচলা! অনুপমের এই ক্রমাগত এগিয়ে চলা এবং তাঁর ব্যক্তিত্বের পরিবর্তনও গভীরভাবে নাড়া দিয়েছে পরিচালককে।
চিঠিতে সুইডেনে অনুপমের সঙ্গে দেখা হওয়ার স্মৃতির কথাও তুলে ধরেছেন মহেশ। তাঁর মতে, অনুপমকে এর আগে কখনও এতটা আত্মবিশ্বাসী এবং নিজের মধ্যে এতটা স্বচ্ছন্দ দেখা যায়নি। মানুষের সঙ্গে দেখা করার সময় তাঁর মনোযোগ এবং সামনের মানুষটিকে গুরুত্ব দেওয়ার ভঙ্গি পরিচালকের নজর কেড়েছে।
স্মৃতির পাতা উল্টে মহেশ স্মরণ করেছেন মুম্বইয়ের পালি হিলের বাড়িতে তাঁদের প্রথম সেই সাক্ষাতের কথা। যখন অনুপমের বয়স ছিল মাত্র ২৮ বছর আর মহেশের ৩৪। বাড়ির চত্বরে বসে হওয়া সেই সাধারণ কথোপকথন যে একদিন এত দীর্ঘ পেশাগত ও ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে, তা তাঁরা কেউই কল্পনা করতে পারেননি। আজ অনুপমকে এমন এক উচ্চতায় পৌঁছতে দেখে গর্বিত তাঁর প্রথম ছবির পরিচালক। মহেশের বিশ্বাস, অনুপমের এই দীর্ঘ পরিশ্রম ও সাফল্যের গল্প দেশের ছোট শহরের যেকোনো তরুণকে মুম্বইয়ে এসে স্বপ্ন পূরণের সাহস জোগাবে।
পরিচালকের এই প্রশংসাপত্র পেয়ে বেজায় আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনুপম খের নিজেও। সোশ্যাল মিডিয়ায় মহেশের লেখা সেই চিঠি ভাগ করে নিয়ে অভিনেতা জানিয়েছেন, তিনি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে করছেন। আচমকা পাওয়া এই প্রাপ্তির জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। ৪২ বছরের অভিনয় জীবনে এর চেয়ে সুন্দর স্বীকৃতি আর হতে পারে না বলেই মত তাঁর।
মহেশ ভাটকে কেবল নিজের প্রথম ছবির পরিচালক হিসেবেই দেখেন না অনুপম, বরং তাঁকে নিজের মেন্টর, বন্ধু এবং শিক্ষক বলে উল্লেখ করেছেন অভিনেতা। পরিচালকের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করে অনুপম লিখেছেন, মহেশের এই বিশ্বাস এবং ভালোবাসা তাঁকে আগামী দিনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।