ভেঙে দেওয়া হল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড! রাজ্যে হাজার হাজার ডাক্তার-নার্স নিয়োগে আসছে বড় পরিবর্তন

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসক ও নার্সের বিপুল ঘাটতি মেটাতে একগুচ্ছ বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। বর্তমানে রাজ্যে আনুমানিক দু’হাজারের বেশি চিকিৎসক এবং সাত থেকে আট হাজার নার্সিং কর্মীর ঘাটতি রয়েছে। এই শূন্যপদ পূরণে একদিকে যেমন নতুন ও স্বচ্ছ নিয়োগ বোর্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, তেমনই দীর্ঘমেয়াদি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দ্রুত চুক্তিভিত্তিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

নতুন নিয়োগ বোর্ড ও পিএসসি-র হাতে দায়িত্ব

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের দায়িত্বে থাকা হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের গঠন ও কাজকর্ম নিয়ে নানা প্রশ্ন ওঠায় তা ভেঙে দিয়ে নতুন স্বচ্ছ ব্যবস্থা তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যেই মন্ত্রিসভায় এই প্রস্তাব অনুমোদিত হয়েছে। নতুন এই বোর্ডে রাজনৈতিক ব্যক্তিত্বের পরিবর্তে সচিব ও উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের তাঁদের পদ অনুযায়ী রাখা হবে এবং আগামী কয়েক দিনের মধ্যেই এটি কাজ শুরু করবে।

অন্যদিকে, নতুন ব্যবস্থায় স্থায়ীভাবে চিকিৎসক নিয়োগের দায়িত্ব দেওয়া হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনকে (PSC)। তবে পিএসসি-র মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় দেড় থেকে দু’বছর সময় লাগতে পারে। যেখানে পুরনো বোর্ডের মাধ্যমে সময় লাগত সাত থেকে আট মাস। এই দীর্ঘ সময় যাতে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা বা চিকিৎসায় কোনো নেতিবাচক প্রভাব না ফেলে, সে কথা মাথায় রেখেই আপাতত চুক্তিভিত্তিক চিকিৎসক ও নার্স নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শূন্যপদের সঠিক সংখ্যা পর্যালোচনা করে শীঘ্রই তা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

বিশেষায়িত চিকিৎসা ও ক্যানসার পরিকাঠামোয় জোর

নিছক ঘাটতি পূরণই নয়, রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে বিশেষায়িত চিকিৎসা পরিষেবা বাড়াতেও বড় পরিকল্পনা রয়েছে। নেফ্রোলজি, নিউরোলজি, কার্ডিওলজি, কার্ডিওথোরাসিক সার্জারি, ইউরোলজি, অনকোলজি, অ্যানাস্থেসিওলজি, প্যাথলজি ও রেডিওডায়াগনোসিসের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলিতে নতুন চিকিৎসক নিয়োগ করা হবে। বিশেষ করে প্রান্তিক এলাকার হাসপাতালগুলিতে এই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়োগের ওপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে।

পাশাপাশি, ক্যানসার চিকিৎসায় পরিকাঠামো বাড়াতে এসএসকেএম হাসপাতালে শীঘ্রই ‘স্টিরিওট্যাকটিক রেডিওসার্জারি’ পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি পিজি হাসপাতালের বর্তমান ৮০ থেকে ১০০ বেডের ক্যানসার হাবটিকে বাড়িয়ে সরাসরি ২০০ বেডে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

কড়া নজরদারি ও বায়োমেট্রিক হাজিরা

হাসপাতালগুলিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং শৃঙ্খলা নিশ্চিত করতেও কড়া পদক্ষেপ করেছে নবান্ন। প্রতিটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে অবিলম্বে সাধারণ হাজিরা খাতা তুলে দিয়ে সম্পূর্ণ ‘বায়োমেট্রিক হাজিরা’ ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। সিনিয়র চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সাফাইকর্মী—সকলের ক্ষেত্রেই এই নিয়ম কঠোরভাবে প্রযোজ্য হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *