মেগা বাজেট রামায়ণ নিয়ে বিস্ফোরক যশ! ট্রোলারদের একহাত নিয়ে কী বললেন ‘রাবণ’?

আসন্ন মেগা বাজেট ছবি ‘রামায়ণ’ মুক্তি পাওয়ার আগেই ভারতীয় সিনেদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। বিশেষ করে ছবির বিশাল বাজেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক থামছেই না। গত ১৫ অক্টোবর বেঙ্গালুরুতে ছবির জমকালো ট্রেলার লঞ্চ ইভেন্টে এই সমস্ত সমালোচনার কড়া জবাব দিলেন দক্ষিণী তারকা তথা ছবির অন্যতম প্রযোজক ও ‘রাবণ’ রূপী যশ।

পরিচালক নীতেশ তিওয়ারির এই বহুপ্রতীক্ষিত মহাকাব্যিক ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে রণবীর কাপুর, সাই পল্লবী, রবি দুবে, রকুল প্রীত সিং এবং সংগীত পরিচালক এ আর রহমানের মতো তারকারা উপস্থিত ছিলেন। তবে সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন যশ, যিনি বাজেটের পাশাপাশি ভিএফএক্স ও কাস্টিং নিয়ে চলা ট্রোলের বিরুদ্ধেও সোচ্চার হন।

প্রযোজক নমিত মালহোত্রার বারবার ৪,০০০ কোটির বাজেট নিয়ে মুখ খোলা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে যশ অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, লোকজন নমিত মালহোত্রাকে কিছুতেই ছাড়ছে না যখন থেকে তিনি রামায়ণের জন্য এই বিশাল পরিমাণ টাকা খরচ করার কথা বলেছেন। এটাই আমাদের দেশের একটা বড় সমস্যা। যখন আমরা বিদেশের মাটিতে সিনেমা প্রচার করতে যাই, তখন যদি বলি আমরা খুব কম বাজেটের ছবি বানিয়েছি, তবে তারা হয়তো সেটিকে সেই গুরুত্ব দেবে না যা এর প্রাপ্য। আমাদের আত্মবিশ্বাসের সঙ্গে বলতে হবে আমরা কতটা বিনিয়োগ করেছি।

যশ আরও স্পষ্ট করে জানান যে, এই ৪,০০০ কোটি টাকার অঙ্কটি শুধুই প্রথম পার্ট নয়, বরং ছবির দুটি ভাগের মিলিত বিনিয়োগ এবং এর আন্তর্জাতিক প্রচার ও মুক্তির খরচও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এর উদ্দেশ্য নিজের দেশকে বিশ্বমঞ্চে সগৌরবে তুলে ধরা।

ভারতীয় দর্শকদের উদ্দেশ্যে যশের বার্তা ছিল আবেগঘন ও কড়া। তিনি ট্রোলের সংস্কৃতিকে একহাত নিয়ে বলেন, অন্যরা তো আপনাকে নীচে নামানোর চেষ্টা করবেই, কিন্তু আমি আপনাদের অনুরোধ করব ব্রিটিশদের মতো ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতি অনুসরণ করবেন না। আসুন, এই ছবিটিকে সফল করার জন্য সবাই একসঙ্গে কাজ করি। দেশ হিসেবে আমাদের এক হওয়া প্রয়োজন। আমি কর্ণাটকের মানুষদের অনুরোধ করব, আপনারা পুরো পরিবার নিয়ে সিনেমাটি দেখতে যান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *