বক্স অফিসে দাপট দেখাতে আসছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’, সেন্সরের কাঁচিতে কেন পেল ‘A’ সার্টিফিকেট?

বক্স অফিসে ‘ধুরন্ধর’-এর অবিশ্বাস্য সাফল্যের পর এবার দোরগোড়ায় এর সিক্যুয়েল। ২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ বিশ্বজুড়ে ১,৩০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ইতিহাস তৈরি করেছে। আমির খানের ‘দঙ্গল’-এর ঠিক পরেই বলিউডের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি হিসেবে জায়গা করে নিয়েছে রণবীর সিং অভিনীত এই মেগা প্রজেক্ট। এবার দর্শকদের উত্তেজনা বাড়িয়ে সামনে এল ‘ধুরন্ধর ২’-এর গুরুত্বপূর্ণ আপডেট।

টিনসেল টাউনের খবর অনুযায়ী, সিক্যুয়েলটির নাম রাখা হয়েছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। যদিও নির্মাতারা এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি, তবে ১৯ জানুয়ারি সেন্সর বোর্ড ছবির টিজারটি অনুমোদন করেছে। অবাক করার মতো বিষয় হলো, টিজারটিকে ‘A’ (Adult) সার্টিফিকেট দেওয়া হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে যে এবারের গল্পে ভায়োলেন্স বা অ্যাকশনের মাত্রা অনেকটাই বেশি হতে চলেছে। টিজারটির রানটাইম রাখা হয়েছে ১ মিনিট ৪৮ সেকেন্ড। পরিচালক আদিত্য ধর এবার খুব বেশি তথ্য ফাঁস না করে রহস্য জিইয়ে রাখতেই পছন্দ করছেন।

সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছে আগামী ২৩ জানুয়ারি। সানি দেওলের বহুল প্রতীক্ষিত ছবি ‘বর্ডার ২’ যখন বড়পর্দায় মুক্তি পাবে, তখনই প্রেক্ষাগৃহে বিরতির সময় দেখানো হতে পারে ‘ধুরন্ধর ২’-এর এই কাঙ্ক্ষিত টিজার। রণবীর সিং ছাড়াও এই ছবিতে রয়েছেন সারা আলি খান, সঞ্জয় দত্ত, আর. মাধবন এবং অর্জুন রামপালের মতো একঝাঁক তারকা।

তবে আগামী মার্চে মুক্তির সময় বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এই ছবি। কারণ বক্স অফিসে রকিং স্টার যশের ছবি ‘টক্সিক’-এর মুখোমুখি হবে ‘ধুরন্ধর ২’। দুই সুপারস্টারের এই মহারণ বক্স অফিসে নতুন কোনো রেকর্ড ভাঙবে কি না, এখন সেটাই দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।