সৌরভ গাঙ্গুলির চরিত্রে রাজকুমার রাও, ডোনা হচ্ছেন মিমি? তুঙ্গে জল্পনা

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ ঘোষণা হয়ে গেল—সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রাজকুমার রাও। একসময় আয়ুষ্মান খুরানার নাম সামনে এলেও, এখন নিশ্চিত যে এই চরিত্রে দেখা যাবে বলিউডের প্রতিভাবান অভিনেতা রাজকুমারকে। ইতিমধ্যেই ‘স্ত্রী টু’-এর ব্লকবাস্টার সাফল্যের পর রাজকুমার বায়োপিকের প্রস্তুতি নিতে শুরু করেছেন।
একটি সাক্ষাৎকারে রাজকুমার স্পষ্টভাবে জানিয়েছেন,“আমি নার্ভাস। এটা সত্যিই একটা বড় দায়িত্ব। তবে এই চরিত্রে অভিনয় করতে গিয়ে যে অনেক কিছু শিখব এবং দারুণ অভিজ্ঞতা হবে, সেটা জানি।”
ক্রিকেটের প্রতি ব্যক্তিগত আগ্রহ থাকলেও, সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্টান্স, অ্যাটিটিউড ও মাঠের ভঙ্গিমা রপ্ত করতে এখন থেকেই স্পেশাল ট্রেনিং নিতে শুরু করেছেন তিনি।
ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে মিমি চক্রবর্তী?
অফিসিয়ালি কিছু ঘোষণা না হলেও, ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ডোনার চরিত্রে দেখা যেতে পারে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী-কে। রাজকুমার ও মিমির চেহারার সঙ্গে সৌরভ-ডোনার সরাসরি মিল নেই ঠিকই, কিন্তু অভিনয় দক্ষতার জোরেই চরিত্রে প্রাণ ফেরাতে পারবেন তাঁরা—এমনটাই মনে করছেন পরিচালক ও প্রযোজক সংস্থা।
এক অ্যাওয়ার্ড শোয়ে পাশাপাশি উপস্থিত ছিলেন রাজকুমার রাও ও মিমি চক্রবর্তী। তখন থেকেই এই জুটিকে নিয়ে কৌতূহল জন্মায় দর্শকদের মধ্যে। অনেকে সেই মুহূর্তের ছবি ঘেঁটে দেখার চেষ্টা করছেন, পর্দায় তাঁদের ‘কেমিস্ট্রি’ কেমন হতে পারে।
সব কিছু পরিকল্পনামাফিক এগোলে, আগামী বছরের গোড়াতেই শুরু হতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনের ওপর ভিত্তি করে তৈরি এই বহু প্রতীক্ষিত ছবির শুটিং। এখনও ছবির নাম চূড়ান্ত হয়নি, তবে ইতিমধ্যেই সিনেমাপ্রেমী ও ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
এই বায়োপিক শুধু সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রীড়াজীবন নয়, তাঁর ব্যক্তিত্ব, লড়াই ও নেতৃত্বদানের কাহিনিকেও বড় পর্দায় তুলে ধরবে বলে আশা। এখন দেখার পালা, রাজকুমার–মিমি জুটি কতটা দাগ কাটতে পারে দর্শকের মনে।