পর্দায় চুম্বন করতে রাজি নন সালমান! এই অভিনেত্রীর জন্যই ভেঙেছিলেন নিয়ম, জানেন কে সে?

বলিউডের ‘ভাইজান’ সলমন খান, যিনি দশকের পর দশক ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন, তার ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের টানাপোড়েন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে। ঐশ্বর্য্য রাই বচ্চন, সঙ্গীতা বিজলানি, ক্যাটরিনা কইফ — একাধিক বলি অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়িয়েছে, শোনা গেছে গভীর সম্পর্কের কথা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সলমন তার দীর্ঘ কেরিয়ারে একটি কঠোর নিয়ম মেনে চলেছেন: ক্যামেরার সামনে কাউকে চুম্বন করবেন না। কিন্তু গুঞ্জন উঠেছিল, একবার তিনি নাকি এই নিয়ম ভেঙেছিলেন। তবে ক্যাটরিনা বা ঐশ্বর্য্য নন, সেই অভিনেত্রী ছিলেন অন্য কেউ!
১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘জিত’-এ সলমন খান এবং করিশ্মা কপূরকে একসঙ্গে দেখা গিয়েছিল। একটি ভাইরাল ছবি অনুযায়ী, এই সিনেমায় পর্দায় করিশ্মা কপূর ও সলমন খান একে অপরকে চুম্বন করেছিলেন। সেই সময়ে দাঁড়িয়ে এই দৃশ্য রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল, কারণ পর্দায় চুম্বন দৃশ্য তখনও সমাজে খুব একটা সহজভাবে গৃহীত ছিল না। সেই কারণেই এই চুম্বন দৃশ্য নিয়ে জোর আলোচনা হয়েছিল।
তবে, অনেক অনুরাগীর মতে, পর্দায় আসলে চুম্বন করেননি করিশ্মা ও সলমন। তাদের দাবি, নায়িকার মুখ ছিল অন্যদিকে এবং সলমন তার থুতনির পাশে চুমু খেয়েছিলেন। সেই কারণে অনেকেই মনে করেন যে, এই ছবিটিতেও সলমন নিজের ‘নো কিসিং পলিসি’ ভাঙেননি।
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’-এর একটি দৃশ্যে পরিচালক আলি আব্বাস জাফর সলমন ও ক্যাটরিনা কইফকে চুম্বন করার কথা বলেছিলেন। সেই সময়ে অনেকেই মনে করেছিলেন যে সলমন এবার হয়তো পর্দায় চুম্বনে রাজি হবেন, কারণ চুম্বন দৃশ্যটি তার তৎকালীন বিশেষ বন্ধু ক্যাটরিনার সঙ্গেই করার কথা ছিল। সলমন আর ক্যাটরিনা তখন চুটিয়ে প্রেম করছিলেন। কিন্তু সলমন পর্দায় ক্যাটরিনাকে চুম্বনে রাজি হননি। অনেক চেষ্টা করেও পরিচালক সলমনকে রাজি করাতে পারেননি। ফলস্বরূপ, চিত্রনাট্য থেকে সেই দৃশ্যটি বাদ পড়েছিল। এর আগেও, ঐশ্বর্য্য রাই বচ্চনের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেও তিনি কখনও পর্দায় চুম্বন করেননি।